মুন্সীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে পদত্যাগ করে ছাত্রদলের সদস্য ফরম সংগ্রহ
মুন্সীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্বে থাকা তিন জন পদত্যাগ করে ছাত্রদলের সদস্য ফরম সংগ্রহ করেছেন। বুধবার বেলা ১১ টার দিকে জেলার শ্রীনগর সরকারি কলেজ আঙিনায় ছাত্রদলের সদস্য ফরম সংগ্রহ অনুষ্ঠানে তারা তিনজন ছাত্রদলের সদস্য ফরম সংগ্রহ করেন।
তারা হলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুন্সীগঞ্জ জেলা শাখার সহ মুখ্য সংগঠক আশরাফুল আলম আহাদ, সদস্য আবিদ খান আপন, ইয়াফি আহমেদ ফাহিম। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীনগর উপজেলার টিম প্রধান ও জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মো. তাজুল ইসলাম।
জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মো. তাজুল ইসলাম তার নিজস্ব ফেসবুক আইডিতে পোস্ট করে তিনি লেখেন, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে পদত্যাগ করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আদর্শে অনুপ্রাণিত হয়ে শ্রীনগর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সদস্য ফরম সংগ্রহ করে ছাত্রদলে যোগদান করেছেন ইয়াফি আহম্মেদ ফাহিম, আশরাফুল আলম আহাদ, আবিদ খান আপন। তিনি আরও লিখেন, তোমাদের হাত ধরেই বিকশিত হবে শ্রীনগর কলেজ ছাত্রদল। ছাত্রদলে যোগদানকৃত নেতৃবৃন্দকে মুন্সীগঞ্জ জেলা ছাত্রদলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।
এ প্রসঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির সদস্য ইয়াফি আহমেদ ফাহিম বলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সকল সদস্য পদ থেকে সেচ্ছায় পদত্যাগ করেছি। তিনি বলেন পদত্যাগ করে ছাত্রদলের সদস্য ফরম সংগ্রহ করেছি।
শ্রীনগর সরকারি কলেজ শাখা ছাত্রদল কমিটি গঠন করার লক্ষ্যে ছাত্রদলের সদস্য সংগ্রহ ও ফরম বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা ছাত্রদলের সভাপতি আশরাফুল ইসলাম শুভ, সাধারণ সম্পাদক ইমদাদুল হক ইমন, সিনিয়র সহ-সভাপতি পলাশ আহমেদ, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শিমুল, শ্রীনগর উপজেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক হাসিব হাসান, সাবেক যুগ্ম আহবায়ক বাবু মোল্লা, শ্রীনগর সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক ইসমাইল হোসেন টিপু, শ্রীনগর সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম-আহবায়ক শিপলু সহ কলেজ ও শ্রীনগর উপজেলা ছাত্রদলের বিভিন্ন নেতৃবৃন্দ।
