টঙ্গিবাড়ীতে হাতুড়ি দিয়ে পিটিয়ে স্ত্রীকে হত্যা করল স্বামী
মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার কামারখাড়া গ্রামে শুক্রবার দুপুরে কিস্তির টাকা পরিশোধ নিয়ে পারিবারিক কলহে স্ত্রী নাজমা বেগমকে (৫০) হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেছে স্বামী। ঘটনার পরপরই ঘাতক স্বামী আনোয়ার হোসেন আত্মগোপন করেছে। খবর পেয়ে টঙ্গিবাড়ী থানা পুলিশ উদ্ধারের পর নিহত গৃহবধূর লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার কামারখাড়া গ্রামের মিজি বাড়ির আনোয়ার হোসেন তার স্ত্রী নাজমা বেগমকে দিয়ে বিভিন্ন এনজিও থেকে অনেক টাকা উত্তোলন করেন। এখন ওই এনজিওগুলো কিস্তির টাকা ফেরত নিতে প্রতিনিয়ত তাগাদা দিচ্ছে। ফলে নাজমা বেগম তার স্বামী আনোয়ার হোসেনকে চাপ দেয়। এতে স্বামী আনোয়ার টাকা দেওয়ার কথা বলে শুক্রবার দুপুরে কামারখাড়া গ্রামের কবরস্থানের সামনে স্ত্রী নাজমাকে ডেকে নিয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখমের পর কবরস্থানে ফেলে পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা গুরুতর আহত নাজমা বেগমকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায়। জরুরি বিভাগের চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করলে সেখানে নেওয়ার পথে মৃত্যু হয় তার।
টঙ্গিবাড়ী থানার ওসি মোঃ মুহিদূল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নিহতের লাশ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এছাড়া ঘটনার পর থেকে ঘাতক স্বামী পলাতক রয়েছে। তাকে আটকের চেষ্টা চলছে।
