মুন্সীগঞ্জে বিশাল শোডাউন বিএনপি নেতা মহিউদ্দিনের
হাজার হাজার নেতাকর্মীদের নিয়ে মুন্সীগঞ্জে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশের মাধ্যমে বিশাল শোডাউন করেছে জেলা বিএনপির যুগ্ন আহবায়ক মহিউদ্দিন আহম্মেদ। শনিবার দুপুর থেকে বিকেল শহর ও শহরাঞ্চলে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে এই শোডাউন করেন তিনি। এ সময় তারেক রহমানের নির্দেশে বাস্তবায়নে আওয়ামী লীগের পেতাত্বাদের ষড়যন্ত্র রুখতে বিএনপির সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়েছেন।
বিপ্লব ও জাতীয় সংহতি দিবস উপলক্ষে শনিবার দুপুরে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের ব্যানারে শহরের উপকন্ঠ মুক্তারপুর এলাকা থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপকন্ঠের সড়ক প্রদক্ষিণ করে শহরসহ থানারপুলস্থ জেলা বিএনপির কার্যালয়ের সামনে জমায়েত হয় বিএনপি নেতাকর্মীরা। একই সময়ে বিভিন্ন এলাকা থেকে
প্লেকার্ড, ব্যানার ও ফেষ্টুনসহ খন্ড খন্ড মিছিল নিয়ে শত শত নেতাকর্মী দলীয় কার্যালয়ের সামনে সমবেত হয়। এতে শহরের থানারপুল এলাকায় বিএনপি ও অঙ্গসংগঠনের প্রায় ১০ হাজার নেতাকর্মী জড়ো হয়ে বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে শহর। পরে জেলা বিএনপির যুগ্ন আহবায়ক মহিউদ্দিন আহম্মেদের নেতৃত্বে বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের সুপার মার্কেট এলাকাস্থ মুন টাওয়ারের সামনের সড়কে সমাবেশ করে জেলা বিএনপি।
আয়োজিত সমাবেশে প্রধান অতিথি জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন আহম্মেদ তার বক্তব্যে বলেন, আওয়ামী লীগের প্রেতাত্মারা এখনো ঘুরে বেরাচ্ছে। আওয়ামী লীগ ও ছাত্রলীগের সন্ত্রাসী ফ্যাসীবাদদের রাজনীতি দেশের জনগন প্রত্যাখান করলেও তাদের ষড়যন্ত্র অব্যাহত আছে। তাই সেই ষড়যন্ত্র রুখতে বিএনপির সবাইকে মাঠে থাকতে হবে।
শহর বিএনপির আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র এ কে এম ইরাদত হোসেন মানুর সভাপতিত্বে সমাবেশে আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান ফকির, শহর বিএনপির সদস্য সচিব মাহাবুব আলম স্বপন, বিএনপি নেতা আবু সুফিয়ান বিপ্লব, জেলা যুবদলের আহবায়ক মজিবুর রহমান দেওয়ান, সদস্য সচিব মাসুদ রানা, জেলা ছাত্রদল সভাপতি আবুল হাসেম, পঞ্চসার ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মতিন, সাবেক পৌর কাউন্সিলর মো. আলী লিটন, ভিপি মো. শাহিন প্রমুখ।
