গজারিয়ায় ৭০ টাকার নিচে মিলছে না কোন সবজি
মুন্সীগঞ্জের গজারিয়ায় নানা ছুতোয় প্রতিদিনই বাড়ছে সবজির দাম। হাতেগোনা দু-একটি ছাড়া ৭০ টাকার নিচে মিলছে না কোন সবজি। এমনটাই জানান সাধারণ ক্রেতারা।
তবে ব্যবসায়ীরা বলছেন, সাম্প্রতিক বন্যা ও বৃষ্টির কারণেই এই অবস্থা। তবে শিগগিরই এই অবস্থা থেকে মুক্তি মিলবে। সব কিছুই হয়ে আসবে স্বাভাবিক।
সোমবার সকালে উপজেলার ভবেরচর বাজার, ভাটেরচর বাজার এবং হোসেন্দী বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি কাঁচা মরিচ ৩২০টাকা, বেগুন ১০০ টাকা, করলা ৮০ টাকা, ঢ্যাঁড়শ ৮০ টাকা, বরবটি ১৪০ টাকা, মুলা ৮০ টাকা, লতি ১০০ টাকা, ধুন্দুল ৮০ টাকা ও পটোল ৭০ টাকায় বিক্রি হচ্ছে। আর প্রতি কেজি পেঁপে ২৫ টাকা, কাঁকরোল ১২০ টাকা, গাজর ১০০ টাকা, কচুরমুখী ৭০ টাকা, টমেটো ১৮০ টাকা, শিম ২৮০ টাকা ও শসা বিক্রি হচ্ছে ৭০ টাকায়।
ভবেরচর বাজারে বাজার করতে আসা নির্মাণ শ্রমিক সাইফুল ইসলাম বলেন, বাজারে সব কিছুর দামই বেশি। দাম কমার তো কোনো সম্ভাবনা দেখছি না। সাধারণ মানুষ কী খেয়ে বাঁচবে? ৭০ টাকার নিচে কোন সবজিই নেই!
ভাটেরচর কাঁচাবাজারে বাজার করতে আসা ভ্যানচালক জাহিদ হোসেন বলেন, ৫শ টাকা নিয়া বাজার করতে আসছি। ৪শ টাকার মাছ আর ৮০ টাকার ২৫০ গ্রাম কাঁচামরিচ কিনছি। এখন,বাকি পণ্য কিনবো কি দিয়ে।
এদিকে দাম বৃদ্ধি প্রসঙ্গে একাধিক সবজি বিক্রেতা অভিন্ন সুরে বলেন, টানা বৃষ্টি ও বন্যার কারণে অধিকাংশ খেতে সবজি নষ্ট হয়ে গেছে। এজন্য সরবরাহ কম। তাই দাম বেশি। তবে এ অবস্থা বেশিদিন থাকবে না। সবকিছুই স্বাভাবিক হয়ে আসবে।
নানা ছুতোয় ভোক্তার পকেট কাটার সুযোগ নিচ্ছে অসাধু ব্যবসায়ীরা।দ্রুত বাজার নিয়ন্ত্রণে সরকার কার্যকরী ব্যবস্থা নেওয়ার দাবি জানান সাধারণ মানুষ ও ভোক্তা।
