রিয়ালকে নতুন ‘শর্ত’ দিয়েছেন এমবাপে
কিলিয়ান এমবাপের দলবদল নাটক যেন কিছুতেই শেষ হচ্ছে না। ফরাসি ক্লাব পিএসজি ছেড়ে তার রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার কথা প্রায় পাকাপাকি পর্যায়ে। এরই মাঝে মাদ্রিদের ক্লাবটিকে এমবাপে নতুন শর্ত দিয়েছেন বলে শোনা যাচ্ছে। আর তা হচ্ছে কেবল এমবাপেই নয়, তার ছোট ভাই ইথান এমবাপের সঙ্গেও চুক্তি করতে হবে রিয়ালের। ইতোমধ্যে ইথানের পিএসজির মূল দলেও অভিষেক হয়েছে।
স্প্যানিশ সংবাদমাধ্যম ‘ওকেদায়ারিও’ ও ‘এল চিরিঙ্গাতো’ এই তথ্য জানিয়েছে। তারা বলছে, ফরাসি তারকার ছোট ভাই ইথানও বার্নাব্যুর ক্লাবটির সঙ্গে চুক্তিতে যেতে পারেন। এমবাপের মতো পিএসজির সঙ্গে ইথানের চুক্তিও শেষ হবে ৩০ জুন। আর এজন্য খুব করে রিয়ালের কাছে এমবাপের পরিবারের দাবি— একসঙ্গে যেন দুজনকে নেওয়া হয়। কয়েক সপ্তাহ বিষয়টি নিয়ে চিন্তাভাবনার পর রিয়ালও রাজি হয়েছে বলে জানিয়েছেন সংবাদকর্মী এদুয়ার্দো ইন্ডা।
পিএসজির রিজার্ভ বেঞ্চে আছেন ইথান এমবাপে। এর আগে ক্লাবটির জার্সিতে যুব প্রতিযোগিতায় খেলেছেন, এরপর তিনি মূল দলের হয়ে অনুশীলনের সুযোগ পান। এরপর গত বছরের ২০ ডিসেম্বর তার অভিষেক হয় এমবাপের সিনিয়র দলে। ফ্রেঞ্চ চ্যাম্পিয়নশিপে সেদিন পিএসজি ৩-১ গোলে জয় পেয়েছিল। কোচ লুইস এনরিকে তাকে কয়েকটি ম্যাচে সুযোগ দিয়েছিলেন। তবে ১৬ বছর বয়সী ইথান এখনও পিএসজির অনূর্ধ্ব-১৯ দলের সদস্য। সূত্র ঢাকা পোস্ট
