মুন্সীগঞ্জে শ্রমিক লীগ কর্মী হত্যার আসামী গ্রেপ্তার
মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের মাকহাটি এলাকায় পিটিয়ে ও কুপিয়ে শ্রমিক লীগ কর্মী সানা মাঝি হত্যা মমলার আসামি অপু মল্লিককে (২৫) গ্রেপ্তার করা হয়েছে। সোমবার দুপুরে মধ্য মাকহাটি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর মাধ্যমে ৫ মাস ১২ দিনের মাথায় চাঞ্চল্যকর হত্যাকান্ডের মামলায় এক আসামীকে গ্রেপ্তার করলো পুলিশ। তবে পুলিশ বলেছে, হত্যা মামলার
পলাতক আসামী অপু এলাকায় ফিরে আসলে স্থানীয় গ্রামবাসী আটক করে পুলিশে সোপর্দ করেছে। মামলাটি পিবিআই তদন্তের দায়িত্বে থাকায় বিকেলে আসামী অপু মল্লিককে পিবিআই এর কাছে হস্তান্তর করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানায়, গত ১ মে দিবাগত রাতে মধ্য মাকহাটি এলাকার মিজান মল্লিকের বাড়ির পশ্চিম পাশের জমিতে সানা মাঝি নামের এক ব্যক্তিকে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের পর নিহতের পরিবারের পক্ষ থেকে মোট ১১ জনকে আসামি করে মুন্সীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয় । মামলার ৬ নম্বর আসামি অপু মল্লিক দীর্ঘদিন পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ। নিহত সানা মাঝি (৪২) মধ্য মাকহাটি এলাকার বাসিন্দা ছিলেন।
পরিবার সূত্রে জানা যায়, নিহত সানা মাঝির সঙ্গে প্রধান আসামি বাবু মাঝি ও তার সহযোগীদের দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। ওই বিরোধের জের ধরে গত (১- মে) রাতে পরিকল্পিতভাবে সানা মাঝিকে ডেকে নিয়ে এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। পরে লাশের পাশে একটি একনলা পাইপগান ও দুই রাউন্ড কার্তুজ ফেলে রাখা হয়। ঘটনার পর থেকে মামলার আসামিরা পলাতক থাকলেও পুলিশ এই প্রথম একজনকে আটক করেছে।
মুন্সীগঞ্জ সদর থানার ওসি মো. সাইফুল আলম। তিনি বলেন, প্রতিপক্ষের লোকজন মামলার ৬ নম্বর আসামি অপু মল্লিককে আটকের পর খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। মামলাটি পিবিআই তদন্তের দায়িত্বে থাকায় সন্ধ্যায় আসামীকে তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
