৫ দিন পর হাসপাতালে বৃদ্ধ চালকের মৃত্যু
▪️ শ্রীনগরে অটোরিকশা ছিনতাই
চালককে অচেতন করে মুন্সীগঞ্জের শ্রীনগরে ব্যাটারি চালিত ইজিবাইক ছিনতাইয়ের ঘটনায় ৫ দিন পর মো. ইব্রাহিম (৬০) নামে এক অটো চালকের মৃত্যু হয়েছে। রোববার রাতে ঢাকা মিটফোর্ড হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মারা যায় বলে পরিবারের স্বজনারা নিশ্চিত করেছে। ইব্রাহিম উপজেলার কুকুটিয়া ইউনিয়নের পশ্চিম মুন্সীয়া গ্রামের বাসিন্দা। বর্তমানে লাশ ঢাকা মিটফোর্ড হাসপাতালে রয়েছে। সেখান থেকে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হবে।
নিহতের পুত্রবধূ মানিকের স্ত্রী নাসরিন বেগম জানান, গত বুধবার রাতে শ্রীনগর-কুকুটিয়া সড়কের কামারখোলা এলাকার দেলোয়ারের বাগানবাড়িতে অচেতন অবস্থায় তার শ্বশুর অটো চালক ইব্রাহিমকে উদ্ধার করে গ্রামবাসী। পরে তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ঢাকা মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রোববার রাতে চিকিৎসারত অবস্থায় ইব্রাহিম মারা যান
স্বজনরা জানায়, পশ্চিম মুন্সীয়ার বাবু ও কাদিরের অটোগ্যারেজ থেকে ভাড়ায় অটো চালাতেন বৃদ্ধ ইব্রাহীম।
গত বুধবার সকালের দিকে সজিবের মালিকানাধীন একটি অটোরিক্সা দৈনিক জমা ভাড়ায় অটোরিক্সা নিয়ে কাজে বের হয়। এদিন রাতে কামারখোলা সড়কের পাশে একটি বাগান বাড়িতে অচেতন অবস্থায় তাকে পরে থাকতে দেখে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
স্থানীয়রা জানায়, ধারনা করা হচ্ছে দুর্বৃত্তরা যাত্রী সেজে বৃদ্ধ ইব্রাহিমকে নেশা জাতীয় দ্রব্য দিয়ে অচেতন করে অটোরিক্সা ছিনিয়ে নেয় এবং তাকে কামারখোলা এলাকার একটি বাগান বাড়িতে ফেলে রেখে যায়।
ইজিবাইকটির মালিক মো. সজিব বলেন, রোববার শ্রীনগর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
শ্রীনগর থানার সেকেন্ড অফিসার এসআই মো. আরিফ জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা ও দাখিল করা অভিযোগ মামলায় নথিভুক্ত করার প্রক্রিয়া চলছে।
