হত্যা মামলায় ঢাকায় মুন্সীগঞ্জের ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার
মুন্সীগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ডিপজল হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামী মোস্তফা গাজীকে (৩৪) গ্রেপ্তার করেছে বংশাল থানা পুলিশ। সোমবার সন্ধ্যা ৭টার দিকে রাজধানী ঢাকার গুলিস্তানে এলাকার সুন্দরবন স্কয়ার সুপার মার্কেটের একটি মোবাইলের দোকান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মোস্তফা গাজী সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি বলে জানা গেছে।
গত ৪ আগস্ট মুন্সীগঞ্জ শহরের সুপার মার্কেট এলাকায় আওয়ামী লীগ নেতাকর্মীদের গুলিতে নুর মোহাম্মদ ডিপজলসহ তিন জন নিহত হয়। ওই ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তারকৃত ছাত্রলীগ নেতা মোস্তফা গাজী ১০১ নম্বর আসামী। ঘটনার পর থেকে সে পলাতক ছিল।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় অন্যতম সমন্বয়ক ইব্রাহীম নিরব বলেন, গোপন সূত্রে খবর পেয়ে মোস্তফা গাজীর অবস্থানের বিষয়টি নিশ্চিত হতে সুন্দরবন স্কয়ার সুপার মার্কেটের ২য় তলার একটি মোবাইল দোকানে গিয়ে সত্যতা পাওয়া যায়। প্রথমে সে পরিচয় অস্বীকার করলেও মার্কেটের অন্যান্য ব্যবসায়ী ও কমিটির সহযোগিতায় মোস্তফা গাজীর পরিচয় নিশ্চিত হওয়া যায়। এরপর বিষয়টি মুন্সীগঞ্জ জেলা পুলিশকে অবগত করা হয়।
সদর থানা পুলিশ জানায়, মুন্সীগঞ্জ থানা পুলিশ বিষয়টি জানিয়ে বংশাল থানা পুলিশকে ব্যবস্থা নিতে বলা হয়। এরপরই বংশাল থানা পুলিশ ওই মার্কেটে গিয়ে ডিপজল হত্যা মামলার ১০১ নম্বর আসামী চরকেওয়ার ইউনিয়ন ছাত্র লীগের সভাপতি মোস্তফা গাজীকে গ্রেপ্তার করে তাদের হেফাজতে নেয়।
মুন্সীগঞ্জ সদর থানার ওসি মো.খলিলুর রহমান জানান, খবর পেয়ে বংশাল থানা পুলিশের সহযোগিতায় পলাতক আসামী মোস্তফা গাজীকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আনতে মুন্সীগঞ্জ সদর থানার একটি টিম ঢাকায় গিয়েছে। রাতের মধ্যে তাকে সদর থানায় নিয়ে আসা হবে। এরপর মঙ্গলবার সকালে তাকে মুন্সীগঞ্জ আদালতে প্রেরণ করা হবে।
