সিরাজদীখানে হেলথ কার্ড, পাটের বীজ বিতরণ
মুন্সীগঞ্জের সিরাজদীখানে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে জেলা প্রশাসকের হেলথ কার্ড ও কৃষকের মাঝে পাটের বীজ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে উপজেলা পরিষদের মুক্তিযোদ্ধা মঞ্চে এ হেলথ কার্ড ও বীজ বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আবুজাফর রিপন।
পরে উপজেলার বিভিন্ন উন্নয়ন মূলক কাজ এবং দপ্তর পরিদর্শন করে মতবিনিময় করেন জেলা প্রশাসক মো. আবুজাফর রিপন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদের সভাপতিত্বে উপজেলা শিক্ষা অফিসার বেলায়েত হোসেনের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যান মইনুল হাসান নাহিদ, উপজেলা সহকারী কমিশনার ভূমি উম্মে হাবিবা ফারজানা, উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাইদ শুভ্র, সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজাহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন হাওলাদারসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, শিক্ষক ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।
