সিরাজদিখানের আ’লীগ নেতা আমজাদ ঢাকায় গ্রেপ্তার
জুলাই আন্দোলনের সময় সংঘটিত একাধিক মামলার পলাতক আসামি শেখরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান শেখ আমজাদ হোসাইনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তিনি সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শেখ মোহাম্মদ আব্দুল্লাহর ছোট ভাই।
ডিবি সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাত ১টার রাজধানীর সোনারগাঁ হোটেল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
মিরপুর জোনের ডিসি মাকসুদুল রহমান জানান, বৈষম্যবিরোধী সন্ত্রাসী কর্মকান্ডের ঘটনায় আল মুসলিম গ্রুপের পরিচালক আওয়ামী লীগ নেতা শেখ মো. আমজাদ হোসাইনের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় মামলা রয়েছে।
সিরাজদিখান থানার ওসি আবু বক্কর সিদ্দিক জানান, আমজাদ হোসাইনের বিরুদ্ধে ৫ আগস্ট থানা ভাঙচুরের মামলা রয়েছে।
স্থানীয় বিএনপি নেতারা জানায়, ৫ আগস্টের পর বিএনপি নেতা শেখ মো. আব্দুল্লাহ’র আশ্রয়ে পলাতক ছিলেন তার ভাই আমজাদ হোসাইন।
উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলা ও ছাত্র হত্যার ঘটনায় দায়ের করা মামলার একাধিক আসামির মধ্যে শেখ আমজাদ অন্যতম।
এই গ্রেফতারের পর সিরাজদিখান উপজেলায় স্বস্তির পরিবেশ ফিরে এসেছে বলে দাবি বিএনপি নেতাদের।
