শ্রীনগরে দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, প্রতিবাদে মানববন্ধন
মুন্সীগঞ্জের শ্রীনগর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক নয়া দিগন্ত প্রতিনিধি আব্দুর রকিব এবং কার্যকরী সদস্য ও দৈনিক ভোরের পাতা প্রতিনিধি অমিত খানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন করেছে শ্রীনগর প্রেসক্লাবের সাংবাদিক বৃন্দ। গতকাল শনিবার দুপুর ১২ টার দিকে শ্রীনগর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়।
মানববন্ধনে অংশ গ্রহনকারীরা তাদের বক্তব্যে বলেন, সাংবাদিক আব্দুর রকিব ও অমিত খানের বিরুদ্ধে একটি মহলের ইন্ধনে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। প্রকৃত ঘটনা ভিন্ন। সঠিক তদন্তের মাধ্যমে সাংবাদিকদের হয়রাণি বন্ধ করা হোক।
বক্তারা আরো বলেন, উপজেলার সেলামতি স্বাগতম পাড়া গ্রামের এক অসহায় মা ছেলেকে এনে দেওয়া এনজিওর ঋণের টাকা পরিশোধের জন্য ঘর বিক্রি করে দেন। ঘর বিক্রির বিষয়ে ওই নারীর বিরুদ্ধে তার ছেলে শ্রীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে শ্রীনগর থানা পুলিশ দুই পক্ষকে নিয়ে মিমাংসায় বসে। কিন্তু থানায় বিষয়টি মিমাংসা হয়নি। থানায় দায়ের করা অভিযোগে ২ সাংবাদিকের বিষয়ে চাঁদাদাবীর অভিযোগ আনা না হলেও আদালতে দায়ের করা মামলায় মামা শশুর ও এক আত্নীয়ের সাথে শ্রীনগর প্রেসক্লাবের ২ সাংবাদিককে আসামী করা হয়। প্রকৃত ঘটনা তুলে ধরে অসহায় মা তার ছেলে ও পুত্রবধার বিরুদ্ধে গত ২০ এপ্রিল শ্রীনগর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন।
মানববন্ধনে অংশ নেওয়া সাংবাদিক, লেখক ও সাংস্কৃতিক কর্মীরা বলেন, শ্রীনগর প্রেসক্লাবের উপর একটি রাজনৈতিক মহল কালো থাবা প্রসারিত করেছে। উপজেলা নির্বাচনকে সামনে রেখে সেই মহলটি ফায়দালুটার জন্য মামলায় ২ সাংবাদিককে আসামী করার ক্ষেত্রে পেছন থেকে কল কাঠি নাড়ছে। রাজনৈতিক মহলটি শ্রীনগর প্রেসক্লাবের গত জানুয়ারীর নির্বাচনে যে অবৈধ হস্তক্ষেপ করে নির্বাচনকে বান চাল করতে চেয়েছিল তা শ্রীনগরের সবারই জানা। কুচক্রি মহলটি বিজ্ঞ আদালতে মিথ্যা তথ্য উপস্থাপন করে মামলায় ২ সাংবাদিককে আসামী করেছে।
মাবববন্ধনে বক্তব্য রাখেন শ্রীনগর প্রেসক্লাবের সভাপতি আরিফ হোসেন, সহসভাপতি শাজাহান খান, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম শ্যামল, ভাগ্যকুল পাঠাগার ও সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি মুজিবর রহমান, শ্রীনগর প্রেসক্লাবের যুগ্নসম্পাদক মীর রাতুল, কোষাধক্ষ্য শফিকুল ইসলাম তাপস, দপ্তর সম্পাদক মুনীরুল ইসলাম, প্রচার সম্পাদক নাজমুল খান সুজন, কার্যকরী সদস্য উজ্জল দত্ত্ব, সদস্য মোহন মোড়ল, নাহিদ হাসান, সাইফুল ইসলাম শিপু, সাংবাদিক তাইজুল ইসলাম উজ্জল, রাজু আহমেদ, সাংস্কৃতিক কর্মী মাসুদ খান প্রমুখ।
