মুন্সীগঞ্জে ৫ টাকায় ব্যাগভর্তি ইফতার পণ্য নিয়ে বাড়ি ফিরলেন নারী-পুরুষরা
মুন্সীগঞ্জ শহরে শুক্রবার সকালে মাত্র ৫ টাকায় রকমারি ইফতার পণ্য ব্যাগে ভরে বাড়ি ফিরেছেন নারী-পুরুষরা। শহরের উত্তর ইসলামপুর এলাকায় এ ইফতার বাজারের আয়োজন করে মুন্সীগঞ্জ সেবা কেন্দ্র নামে একটি সংগঠন।
সকাল ৯ টার দিকে ইদ্রিস আলী মাদবর পলিটেক ইনষ্টিটিউট সড়কে স্টলে স্টলে সাঁজানো হয় ইফতারের পন্য সামগ্রী। এই রোজায় ৫ টাকার বিনিময়ে এক কেজি করে মুড়ি, ছোলা, চিনি, সয়াবিন, খেঁজুর, ডাল ও পিয়াজ কিনে নেন নারী-পুরুষরা। ২০০ পরিবার ওই ইফতার বাজার থেকে ইফতারি পণ্য সামগ্রী কিনে নিয়েছেন।
৫ টাকায় ৭ রকমের ইফতার পন্য পেয়ে আনন্দ প্রকাশ করেছেন শহরের উত্তর ইসলামপুর এলাকার মো. মাসুদ। তিনি বলেন, এ রোজায় বাজার থেকে ইফতার কিনে খাওয়ার মতো আমার সামর্থ্য নেই। সারাদিন রোজার রাখার পর আমার মতো অনেকের বাড়িতে চিনির অভাবে মেলে না শরবত। টাকার অভাবে ইফতারের পাতে থাকে না ছোলা কিংবা খেঁজুর। এখন ৫ টাকায় ইফতার কিনতে পেরে বেশ ভালো লাগছে।
নয়াগাঁও গ্রামের ৭০ বছর বয়সের পানপতি বেগম বলেন, আলহামদুল্লাহ। ৫ টাকায় অনেক কিছু পাইছি। জীবনে এই প্রথম ৫ টাকায় বাজার করে এতো কিছু পেলাম। আয়োজক সংগঠনের সাধারন সম্পাদক সাগর আহম্মেদ তুর্য বলেন, এবারই প্রথম ৫ টাকায় ইফতার দেওয়ার আয়োজন করি। সমাজের নিন্ম আয়ের মানুষের ইফতারের পাতে কিছু তুলে দিতে পেরেছি। ভবিষ্যতে আরো বড় রকমের আয়োজন করার পরিকল্পনা রয়েছে। এবার রোজায় ২০০ পরিবারের মাঝে এই ইফতার বাজারের আয়োজন ছিলো। আমরা প্রতি বছর মানুষের বাড়ি বাড়ি গিয়ে সামগ্রী পৌছে দিয়েছি।
