মুন্সীগঞ্জে শীতবস্ত্র বিতরণ বিএনপির
সাবেক রাষ্ট্রপতি ও বিএনপি’র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে মুন্সীগঞ্জে দুই শতাধিক দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বিএনপি। এর আগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
রোববার দুপুরে মুন্সীগঞ্জ পৌরসভার ২ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে শীতবস্ত্র বিতরণ করা হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহর বিএনপির যুগ্ম আহবায়ক শাহাদাত হোসেন সরকার ও কাজী আবু সুফিয়ান বিপ্লব, জেলা যুবদলের সদস্য সচিব মুহাম্মদ মাসুদ রানা, যুবদল নেতা আরিফ আহমেদ, ছাত্রদল নেতা হুমায়ুন আহমেদ, সাবেক ভিপি শাহরিয়ার হোসেন প্রমুখ নেতৃবৃন্দ।
ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ মোশারফ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম সুমনের পরিচালনায় এ সময় দুই শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন অতিথিরা। পরে জিয়াউর রহমান ও তার স্ত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া হয়।
