মুন্সীগঞ্জে মজুদ রাখা ৯০০ বোতল সিলিন্ডার উদ্ধার করলো সেনাবাহিনী
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় গোপনে মজুদ করে রাখা ৯০০ বোতল এলপিজি গ্যাস উদ্ধার করেছে সেনাবাহিনী।
শনিবার সকালের দিকে উপজেলার তেউটিয়া ইউনিয়নের ঘোড়দৌড় বাজারে মেসার্স শেখ এন্টারপ্রাইজের মালিক রুহুল আমিন দীপু’র প্রতিষ্ঠান থেকে এসব এলপিজি গ্যাস উদ্ধার করে সেনাবাহিনীর ১৯ বীর, পুলিশ ও প্রশাসনের সদস্যরা।
পরে দুপুর ১টার দিকে লৌহজং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল-ইমরান ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ওই ব্যবসায়ীকে দুই লাখ টাকা জরিমানা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, আইন অনুযায়ী একজন দোকানি সর্বোচ্চ ৫০০ কেজি বা ৪০ বোতল এলপিজি গ্যাস সিলিন্ডার মজুদ রাখতে পারবেন। কিন্তু ওই ব্যবসায়ী ১০ হাজার ৮০০ কেজি অর্থাৎ ৯০০ বোতল সিলিন্ডার তার দোকানের পেছনে মানুষের বসবাসস্থল লোকালয়ের মধ্যে নিয়ে টিনের বেড়া দিয়ে কৌশলে মজুদ করে রাখেন। সেখানে কোন ধরনের অগ্নিনির্বাপক ব্যবস্থা বা নিরাপত্তা ব্যবস্থা ছিলো না। তার চেয়েও ভয়ংকর ব্যাপার হচ্ছে যেখানে এগুলো মজুদ করে রাখা ছিলো তার পাশে একটি ওয়েল্ডিং এর দোকান ছিলো। কোনভাবে যদি দুর্ঘটনা ঘটতো তাহলে বড় ধরনের ক্ষয়ক্ষতি হতো।
তিনি আরও জানান, ভোক্তা অধিকার আইনে আদালত পরিচালনা করে দুই লাখ টাকা জরিমানা ও অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে ওই ব্যবসায়ীকে। এছাড়া উদ্ধারকৃত ৯০০ বোতল গ্যাস ভর্তি সিলিন্ডারের মধ্য থেকে ৪০টি তার কাছে রেখে বাকিগুলো কোম্পানির কাছে ফিরিয়ে দিতে নির্দেশ দেয়া হয়েছে।
