মুন্সীগঞ্জে বাবলা হত্যাকারীদের গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন
মুন্সীগঞ্জের গজারিয়ায় দুর্বৃত্তদের গুলিতে উজ্জল খালাশী ওরফে বাবলা (৪০) হত্যা মামলার আসামীদের গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন করেছে পরিবারের স্বজন ও গ্রামবাসী।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে জেলা শহরস্থ মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনে মুন্সীগঞ্জ সদর ও মতলব উত্তর উপজেলার সর্বস্তরের জনগনের ব্যানারে এ মানববন্ধন করা হয়। এ সময় হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে ফাঁসির দাবী জানিয়েছেন তারা।
মানববন্ধন কর্মসূচিতে অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন নিহত উজ্জল খালাশী ওরফে বাবলার মা ও মামলার বাদী ফরিদা বেগম, স্ত্রী আফসানা আক্তার, মামা বাহাউদ্দিন বেপারী, বোন শিউলী আক্তার, রূপালী আক্তার প্রমুখ।
প্রসঙ্গত: গত ২২ অক্টোবর সকালে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার মল্লিকের চর গ্রামে রহিম বাদশার বাসভবনে দুর্বৃত্তরা হামলা চালালে দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে উজ্জ্বল খালাসী ওরফে বাবলা নিহত হয়। এ ঘটনায় ২৬ অক্টোবর মা ফরিদা বেগম বাদী হয়ে গজারিয়া থানায় মামলা দায়ের করেন। নিহত উজ্জল খালাশী ওরফে বাবলা চাঁদপুরের মতলব উত্তরের মোহনপুর গ্রামের মো. বাচ্চু খালাশীর ছেলে।
