মুন্সীগঞ্জে বাড়িঘর ভাংচুর, আহত ৪
মুন্সীগঞ্জ সদরের মোল্লাকান্দিতে বসতবাড়িতে হামলা চালিয়ে ঘরবাড়ি ভাংচুর ও চার নারীকে পিটিয়ে জখমের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টার দিকে মোল্লাকান্দি ইউনিয়নের চর বেশনাল গ্রামে এ হামলার ঘটনা ঘটেছে। ঘটনায় জয়নাল বেপারীর ছেলে মো. তাজুল ইসলাম বিকেলে একটি লিখিত অভিযোগ দায়ের করছেন।
আহতরা হলেন- মোল্লাকান্দি ইউনিয়নের চর বেশনাল গ্রামের জয়নাল বেপারীর স্ত্রী জামসেদা বেগম (৬০), মেয়ে সোনিয়া আক্তার (২৫) ও রোজিনা আক্তার (৩৩) এবং পুত্র বধু নাদিয়া ইসলাম (২০)। নাদিয়া ইসলামকে মুন্সীগঞ্জ সদর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
অভিযুক্তরা হলেন, মোল্লাকান্দি ইউনিয়নের চর বেশনাল গ্রামের আঃ রহমান জীবন, আনোয়ার হোসেন বাবু ও মাইন উদ্দিন আকন।
অভিযোগ ও অভিযোগকারী সূত্রে জানা গেছে, চর বেশনাল গ্রামের জয়নাল বেপারীর বসতবাড়ি নিয়ে একই গ্রামের আঃ রহমান জীবনদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টার দিকে চর বেশনাল গ্রামে তাজুল ইসলামদের বাড়িতে অনধিকার প্রবেশ করে বাড়িঘর ভাঙচুর করে। বাড়িতে থাকা চারজন নারীকে লোহার রড, লাঠি দিয়ে পিটিয়ে আহত ও রক্তাক্ত জখম করে। ঘরে থাকা ফ্রিজ, খাট সহ বিভিন্ন আসবাপত্র এং ঘরের দরজা, জানালা ভাংচুর করে লাখ টাকা ক্ষতি করেন। আহতদের ডাক চিৎকারে আশপাশের লোকজন এসে আহতের উদ্ধার করে।
অভিযোগের বিষয়ে অভিযুক্ত আঃ রহমান জীবন বলেন, আমাদের জমির মাটি ভেকু দিয়ে কাটতে ছিলো। হয়তো তাদের বাড়ির বেড়ার টিনে মাটি পড়ে বেড়া বা পা কাটতে পারে। মারামারির কোন ঘটনা ঘটেনি। আপনারা চাইলে সরাসরি এলাকা এসে জিজ্ঞাসা করতে পারেন।
সদর থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম বলেন, মারামারি ঘটনা ঘটেছে শুনেছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
