মুন্সীগঞ্জে জালিয়াতি চক্রের ৬ সদস্য গ্রেফতার
মুন্সীগঞ্জের শ্রীনগরে জালিয়াতি চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দিনগত রাতে জেলার শ্রীনগর উপজেলার চকবাজার এলাকার একটি স্টুডিও এবং আইটি সেন্টারে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এরা হলো শ্রীনগর উপজেলার ভাগ্যকুলের রাজু আহম্মেদ (২৫), উমপাড়ার পলাশ হাওলাদার (৩৩), একই এলাকার সবুজ হাওলাদার (৩৮), যশুরগাঁওয়ের রুবেল (৩৬), ষোলঘরের প্রদীপ চন্দ্র সুত্রধর (৩৭) ও গোপালগঞ্জের মোকসোদপুরের তালবাড়ীর মৃনাল কৃত্তনীয়া (৩৬)।
শ্রীনগর থানার ওসি আব্দুল্লাহ আল তায়েবীর জানান, শুক্রবার দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এসময় এ চক্রের মুল হোতা রুবেলের শ্রীনগরের চকবাজারের জারা স্টুডিও ও রুবেল ইলেক্ট্রনিক ও আইটি সেন্টারে অভিযান চালিয়ে জাল জালিয়াতি কাজে ব্যবহৃত কম্পিউটার, পুলিশ ক্লিয়ারেন্স ও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের রাবার স্ট্যাম্প ও সিলসহ বেশ কিছু পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রসহ বেশ কিছু কাগজপত্র জব্দ করা হয়েছে। তিনি আরও জানান এ চক্রটি দীর্ঘ দিন ধরে টাকার বিনিময়ে এসব কাজ করে আসছিলো। গ্রেফতারকৃতদের শনিবার দুপুরে মুন্সীগঞ্জ কোর্টে প্রেরন করা হয়েছে।
