বিএনপি নেতা মহিউদ্দিন আহম্মেদ বলেছেন
মানুষের অধিকার ফিরিয়ে দিতে তারেক রহমানের ৩১ দফা উত্থাপন
মুন্সীগঞ্জ জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ মহিউদ্দিন আহম্মেদ বলেছেন, দীর্ঘ ১৭ বছর দেশের মানুষের চলাফেরায় কোন স্বাধীনতা ছিল না। অর্ধাহারে অনাহারে মানুষ তার সন্তানকে বিক্রি করে দিয়েছে। স্বাধীন দেশে মানুষ কিভাবে তার অধিকার ফিরে পেতে পারে, দেশব্যাপী বিতরণ করা লিফলেটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফায় সেই কথাই লেখা রয়েছে।
শনিবার দুপুরে মুন্সীগঞ্জ সদর উপজেলার মুক্তারপুর এলাকায় জেলা বিএনপি ও সদর উপজেলা বিএনপির উদ্যোগে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে ৩১ দফার লিফলেট বিতরণের সময় এসব কথা বলেন তিনি।
জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক মহিউদ্দিন আহম্মেদ আরও বলেন, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালুসহ জনগণের আকাঙ্খা পূরণের দাবি উত্থাপন করা হয়েছে ৩১ দফায়। সেই দাবি জনগণের মধ্যে পৌছে দিতে জেলা ও উপজেলা বিএনপির নেতাকর্মীদের নিয়ে শহর, শহরাঞ্চল ও তৃনমূল পর্যায়ে লিফলেট বিতরণ করা হচ্ছে ।
একই সময়ে মুন্সীগঞ্জ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর ফকির বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান সংস্কার, জাতীয় সমন্বয় কমিশন, অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা উত্থাপন করেছেন।
