মুন্সীগঞ্জে বাল্য বিয়েতে বাধা দেওয়ায় হামলায় ইউপি সদস্যসহ আহত ৩
মুন্সীগঞ্জ সদরের আধারা ইউনিয়নের জাজিরা সিকদারকান্দি গ্রামে বাল্য বিবাহে বাঁধা দেওয়ায় কনে পক্ষের হামলায় ইউপি সদস্যসহ তিন জন আহত হয়েছে। শুক্রবার দুপুরে জাজিরা সিকদারকান্দি গ্রামের সিকদার বাড়ীতে এ ঘটনা ঘটে। হামলায় আহত ইউপি সদস্য জয়নাল আবেদীন, শহরের শ্রীপল্লী এলাকাট মনিরুল ইসলাম ও টাঙ্গাইলের লিখন মিয়া নামের তিন জন আহত হয়েছে। গুরুতর আহত তিন জনকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।
জানা গেছে, সদরের আধারা ইউনিয়নের জাজিরা সিকদারকান্দি গ্রামে সিকদার বাড়ীর নুরনবি সিকদারের ১৩ বছর ৫ মাস বয়সী মেয়ে সাবিয়া আক্তারের বিয়ের অনুষ্ঠানেরআয়োজন করা হয় আজ শুক্রবার। কনের বয়স ১৩ বছর ৫ মাস হওয়ায় বাল্য বিয়ের অনুষ্ঠান নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। বিষয়টি জানতে পেরে আধারা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য জয়নাল আবেদীনসহ তিন ব্যক্তি কনে পক্ষকে বাল্য বিয়ে দিতে নিষেধ করে।
এতে ক্ষুব্ধ হয়ে মনির সিকদার, বোরহান সিকদার ও জাকির সিকদারের নেতৃত্বে কনে পক্ষের লোকজন তাদের উপর হামলা চালিয়ে ব্যাপক মারধর করে। পরে স্থানীয় গ্রামবাসী মাধ্যমে খবর পেয়ে বিকেল ৪ টার দিকে সদর থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে আহত তিন জনকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়।
মুন্সীগঞ্জ সদর থানার ওসি মো. সাইফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, হামলায় আহত ৩ জনকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে আহতাবস্থায় তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া ব্যবস্থা নেয়। তবে এ ঘটনায় রাত ১০টা পর্যন্ত থানায় কোনো অভিযোগ দাখিল করা হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
১৮.০৪.২০২৫
