নৌপথে চাঁদাবাজি, ডাকাতি বন্ধে মুন্সীগঞ্জে সমাবেশ
মুন্সীগঞ্জ শহরের ধলেশ্বরী নদীর তীরবর্তী বেড়িবাঁধ এলাকায় নৌ পথে চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবীতে সমাবেশ করেছে বাংলাদেশ নৌ-যান শ্রমিক ও কর্মচারি ইউনিয়ন মুন্সীগঞ্জ জেলা শাখা। সোমবার সকালে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এর আগে সংগঠনের জেলা কার্যালয়ে মোঃ তাইজুল ইসলাম বাদশাকে সভাপতি ও মোঃ ফারুক ইসলামকে সাধারণ সম্পাদক করে নৌযান শ্রমিক ও কর্মচারি ইউনিয়নের জেলা শাখার ৩৫ সদস্যের নতুন কমিটি ঘোষনা করেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সবুজ শিকদার।
পরে ধলেশ্বরী নদীর বেড়িবাঁধ এলাকায় সকল শ্রমিকদের গেজেট অনুয়ায়ী বকেয়া বেতন ও এরিয়া পরিশোধ, নৌ পথে চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি এবং শ্রমিকদের বেকারত্ব দূরীকরণ, চট্টগ্রামগামী লাইটারেজ জাহাজের সিরিয়ালের নামে কথিত ভলান্টিয়ারের নামে চাঁদাবাজদের হাত থেকে শ্রমিক হয়রানি বন্ধের দাবিতে সমাবেশ করা হয়।
সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ নৌযান শ্রমিক ও কর্মচারি ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ সবুজ শিকদার, নবনির্বাচিত সভাপতি তাইজুল ইসলাম বাদশা, সাবেক সভাপতি মোঃ ইউনুস মিয়াসহ প্রমুখ।
নবনির্বাচিত সভাপতি তাইজুল ইসলাম বাদশা বলেন, নদীতে চাঁদাবাজী ও শ্রমিকদের মারধর করা হলে তাৎক্ষণিক সংশ্লিষ্ট নৌ-ফাঁড়ী, থানা পুলিশ ও কোষ্টগার্ডের সহযোগিতা নিয়ে নৌ পথ নিরাপদ রাখার আহবান জানিয়েছেন।
