যুবদল নেতা শান্ত নিহত, থানায় হত্যা মামলা রুজু
মুন্সীগঞ্জ সদর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আবু ইলিয়াছ শান্ত সরকার (৩৫) নিহতের ঘটনার টিপু মোল্লাকে প্রধান আসামী করে ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরও ৫ থেকে ৬ জনের বিরুদ্ধে হত্যা মামলা রুজু হয়েছে। বুধবার রাতে নিহত যুবদল নেতার ছোট ভাই মোঃ মামুন সরকার বাদী হয়ে সদর থানায় দাখিল করা অভিযোগ বৃহস্পতিবার মামলা হিসেবে নথিভূক্ত করা হয় বলে জানা গেছে।
মুন্সীগঞ্জ সদর থানার ওসি মো খলিলুর রহমান বৃহস্পতিবার সন্ধ্যায় মামলা রুজুর বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ১ নভেম্বর শুক্রবার দিবাগত রাতে মেঘনা নদীতে গুরুতর রক্তাক্ত জখম হয় সদর উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক শান্ত সরকার। এরপর তাকে প্রথমে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং পরে স্কায়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত দেড়টার দিকে শান্ত সরকার মারা যায়। পরদিন শনিবার ময়নাতদন্ত শেষে সন্ধ্যায় নিহত যুবদল নেতা শান্ত সরকারের মরদেহ সদরের চরমশুরা গ্রামের সামাজিক কবরস্থানে দাফন করা হয়। ঘটনার পরপর মেঘনা নদীতে স্পিডবোট ও ট্রলারের সংঘর্ষে শান্ত সরকার গুরুতর আহত হয়ে মারা গেছে বলা হলেও পরিবারের পক্ষ থেকে দাবী করা হয় পরিকল্পিত ভাবে শান্তকে হত্যা করা হয়েছে।
