মুন্সীগঞ্জে মাঠে গড়াচ্ছে দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগ
দীর্ঘদিনের জল্পনা-কল্পনার শেষে ৮ বছর পরে মুন্সীগঞ্জে মাঠে গড়াচ্ছে দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগ। লীগে অংশগ্রহন করছে ৭ টি দল। শনিবার বেলা ১২ টার দিকে মুন্সীগঞ্জের বীর শ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামের সভাকক্ষে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানিয়েছে জেলা ক্রীড়া সংস্থা।
আয়োজক সূত্রে জানাযায়, এর আগে ২০১৬ সালে ৮টি দল নিয়ে বাছাই পর্ব হয়। সেখান থেকে ৬ টি দল নির্বাচিত হয়। এছাড়াও প্রথম বিভাগে খেলা প্রগতি সংঘ নামের একটি দলের খেলায় অবনতি হওয়ায়, দলটিকে প্রথম বিভাগ থেকে নামিয়ে দ্বিতীয় বিভাগের এ লীগে রাখা হয়েছে। নানা জটিলতায় লীগটি বন্ধ থাকার পর রোববার থেকে আনুষ্ঠানিকভাবে খেলা আবার শুরু হচ্ছে।
সাংবাদিক সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. আবুজাফর রিপন। সাংবাদিক সম্মেলনে ক্রিকেট লীগের বিস্তারিত বিষয় সম্পর্কে সাংবাদিকদের অবগত করেন জেলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও ক্রিকেট উপ-কমিটির আহবায়ক মো. জুনায়েদ হোসেন এবং জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সম্পাদক ও ক্রিকেট উপ-কমিটির সদস্য সচিব মো. আয়নাল হক স্বপন।
লীগ প্রসঙ্গে জেলা প্রশাসক মো. আবুজাফর রিপন বলেন, ক্রিকেটের এমন আয়োজন খেলোয়াড়দের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। এর আগে আমরা সফলভাবে জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন করেছি। ক্রিকেটের এমন আয়োজনে শিশু-কিশোররা মাঠে আসবে। খেলাধুলার মাধ্যমে তারা তাদের সুষ্ঠু বিকাশ ঘটাবে। আমাদের আয়োজনের ধারাবাহিকতা বজায় থাকবে।
জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক ও ক্রিকেট উপ-কমিটির সদস্য সচিব মো. আয়নাল হক স্বপন জানান, দীর্ঘ ৮ বছর পরে দ্বিতীয় বিভাগের ক্রিকেট লীগটি খেলোয়াড়দের মধ্যে উৎসাহ উদ্দীপনার সৃষ্টি করেছে। এর ফলে জেলার ক্রিকেটাররা নিজেদের সক্ষমতার যাচাই করতে পারবে। আমরা বিশ্বাস করি এ ক্রিকেট লীগের মধ্য দিয়ে আমরা জাতীয় মানের ক্রিকেটারদেরকে খুঁজে বের করতে সক্ষম হব।
এ সময় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আশরাফুল আলম, জেলা ক্রীড়া কর্মকর্তা খাদিজা পারভিন, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বাশির উদ্দিন জুয়েল, সাধারণ সম্পাদক এড. সুজন হায়দার, সাবেক সাধারণ সম্পাদক মামুনুর রশীদ খোকা প্রমুখ।
এ ক্রিকেট লিগে দুইটি গ্রুপ করা হয়েছে। তাতে সাতটি দল প্রতিযোগিতা করবে। (ক) গ্রুপ থেকে অ্যামেচার ক্রীড়া একাডেমি, লিজেন্ড অব মুন্সীগঞ্জ, প্রগতি সংঘ এবং (খ) গ্রুপ থেকে নবজাত্রী ক্লাব, স্বপ্ননীড় ক্রীড়া একাডেমী, গ্রীন ওয়েলফেয়ার সেন্টার, আজাদ স্পোর্টিং ক্লাব প্রতিযোগিতা করবে।
রোববার সকাল ৯ টায় শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে উদ্বোধনী উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
