পিলখানা হত্যাকান্ড
কারাবন্দি বিডিআর সদস্যদের মুক্তির দাবীতে মানববন্ধন স্মারকলিপি পেশ
২০০৯ সালের পিলখানা হত্যাকান্ডের ঘটনায় কারাবন্দি বিডিআর সদস্যদের মুক্তি ও চাকুরীতদের পুন:বহালের দাবীতে মুন্সীগঞ্জ বিক্ষোভ মিছিল মানববন্দন ও প্রধান উপদেষ্টার বরাবরে স্মারকলিপি পেশ করা হয়েছে।
সোমবার দুপুরে জেলা বিডিআর কল্যান পরিষদের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।
দুপুর ১টার দিকে শহরের জুবলী রোডে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনে থেকে মিছিল বের করে। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাতের মাধ্যমে অর্ন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বরাবরে স্মারকলিপি পেশ করে। পরে মিছিল নিয়ে পুনরায় মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনে এসে মানববন্ধনে মিলিত হয়।
এসময় অন্যদের মধ্যে বক্তৃতা করেন জেলা বিডিআর কল্যান পরিষদের সমন্বয়ক আবু বক্কর সিদ্দিক, কারাবন্দি বিডিআর ল্যান্স নায়েক বদিউল আলমের মেয়ে সুমাইয়া আক্তার নাহিদা, চাকুরীচ্যুত বিডিআর সদস্য আলমগীর হোসেন, বিডিআর সদস্য আক্তার হোসেনের মেয়ে আনিকা আক্তার প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, ২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় পরিকল্পিত ও ষড়যন্ত্রমূলকভাবে অসংখ্য বিডিআর সদস্যকে চাকুরিচ্যুত করা হয় এবং মামলায় ফাঁসানো হয়। ওইসব কারাবন্দি বিডিআর সদস্যদের মুক্তি দিতে হবে। একই সঙ্গে তাদের চাকুরীতে পুন:বহাল করতে হবে।
