সিরাজদীখানে হাত-পা বাঁধা নারীর লাশ
মুন্সীগঞ্জের সিরাজদীখানে ডোবা থেকে হাত-পা বাঁধা অবস্থায় রেখা রাণী দাস (৬৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বেলা ১১ টার দিকে উপজেলার জৈনসার ইউনিয়নের চাইনপাড়া এলাকার একটি ডোবা থেকে পুলিশ ওই নারীর মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরন করেছে। নিহত রেখা রাণীদাস উপজেলার ভাটিমভোগ এলাকার গৌরাঙ্গ দাসের স্ত্রী বলে জানা গেছে।
তবে কে বা কারা ওই নারীকে বাড়ি থেকে ডেকে নিয়েছিল তাদের সনাক্ত করা যায়নি। অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তিরাই তাকে হত্যার পর হাত-পা বেঁধে লাশ ডোবায় ফেলে রেখেছে বলে প্রাথমিক তদন্তে ধারনা করা হচ্ছে। বর্তমানে অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তিদের সনাক্ত করতে পুলিশ মাঠপর্যায়ে তদন্ত শুরু করেছে।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান জানান, মঙ্গলবার বিকালে কয়েকজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি বাসা থেকে রেখা রানী দাসকে ডেকে নিয়ে যান। এরপর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। রাতভর অনেক খোঁজাখুঁজির পরও তার হদিস মেলেনি। বুধবার সকালে বাড়ি থেকে এক কিলোমিটার দূরের একটি ডোবায় ভেসে উঠে ওই নারীর হাত-পা বাঁধা মরদেহ। এ সময় স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় মামলা নথিভুক্ত করার প্রক্রিয়া চলছে বলে জানান ওসি।
