স্বামীর মৃত্যুতে মুন্সীগঞ্জ জেলা কারাগার থেকে ১২ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ডা. দীপু মনি।
বুধবার (১৯ আগস্ট) দুপুরে জেলা প্রশাসনে দীপু মনি মেয়ে তানি দীপাবলি ও আইনজীবি ফয়সাল ইসলাম প্যারোলে মুক্তির আবেদন করলে ১২ ঘন্টার জন্য আবেদন মঞ্জুর করা হয়।
দীপু মনি পক্ষের আইনজীবি গাজী ফয়সাল জানান, আমরা চার দিনের জন্য আবেদন করি , জেলা প্রশাসনের ক্ষমতা বলে ১২ঘন্টার জন্য মুক্তি মঞ্জুর করেছে। আগামীকাল বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত মোট ১২ ঘন্টা তিনি মুক্তি পাবেন।
তিনি আরও জানান, মুক্তির পর রাজধানী ঢাকার কলাবাগানে নিজস্ব বাস ভবনে দীপু মনি যাবেন, সেখানে মরহুমের মরদেহ থাকবে । সে বাড়িতেই দীপু মনির সাথে মরহুম তৌফিক নেওয়াজের প্রথম দেখা হয়েছিল। পরবর্তীতে গুলশানের আজাদী মসজিদের সামনে বাদ যোহর জানাজা অনুষ্ঠিত হবে। পরে মরদেহ বনানী কবরস্থানে দাফনের প্রস্তুতি রয়েছে ।
এর আগে দুপুর ১২ টার দিকে তার মেয়ে তানী দীপাবলি কারাগারে তার মায়ের সাথে দেখে করতে ভিতরে প্রবেশ করেন।
প্রসঙ্গত: গত মঙ্গলবার রাত সাড়ে ১০ টার দিকে রাজধানীর গুলশানের কন্টিনেন্টাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। পেশায় সুপ্রিম কোর্টের আইনজীবী ছিলেন তৌফিক নেওয়াজ। তিনি দীর্ঘদিন ধরে কিডনি ও লিভারের নানা জটিলতায় ভুগছিলেন।
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬ । ৮:৩৩ অপরাহ্ণ