মুন্সীগঞ্জ সদরে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু ভরাটের দায়ে ভ্রাম্যমাণ আদালতে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে দুটি ড্রেজার অচল করে দেওয়া হয়েছে। এছাড়া প্রায় ৪০০ মিটার ড্রেজার পাইপ ধ্বংস করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের দুইটি গ্রামে অভিযান পরিচালনা করে সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি মারজানা আক্তার। এসময় গুহেরকান্দি এলাকায় একটি ও মুন্সীরহাট বাজারসংলগ্ন এলাকায় আরও একটি অবৈধ ড্রেজার বিকল করা হয়।
অভিযান চলাকালে অবৈধভাবে ড্রেজার ব্যবহার করে বালু ভরাটের প্রমাণ পাওয়ায় সংশ্লিষ্ট এক ব্যক্তিকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান শেষে উপস্থিত এলাকাবাসী ও সংশ্লিষ্টদের অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন ও ভরাট কার্যক্রম থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়।
সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি মারজানা আক্তার জানায়, পরিবেশ ও কৃষিজমি রক্ষায় এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬ । ৯:৫১ অপরাহ্ণ