নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন বিষয়ে মুন্সীগঞ্জে সেমিনার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬ । ৪:৫৬ অপরাহ্ণ

নিরাপদ অভিবাসন, দক্ষতা উন্নয়ন এবং বৈধ উপায়ে বিদেশে কর্মসংস্থান নিশ্চিত করার লক্ষ্যে মুন্সীগঞ্জে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে ‘নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারে সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী। এতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জুবায়ের হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) মুন্সীগঞ্জের অধ্যক্ষ নাহিদা পারভীন, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলজার হোসেন, শিক্ষক-শিক্ষার্থী, অভিবাসন প্রত্যাশী যুব-যুবক এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।

এ ছাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তারা (ইউএনও) ভার্চুয়ালি সেমিনারে যুক্ত ছিলেন।

সেমিনারে নিরাপদ, নিয়মিত ও বিধিসম্মত অভিবাসনের গুরুত্ব, বিদেশে কর্মসংস্থানের সুযোগ, দক্ষতা উন্নয়নের প্রয়োজনীয়তা এবং প্রশিক্ষণপ্রাপ্ত জনশক্তির মাধ্যমে বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধির বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।

বক্তারা বলেন, দক্ষতা অর্জনের মাধ্যমে একজন কর্মী আন্তর্জাতিক শ্রমবাজারে অধিক গ্রহণযোগ্য হয়ে ওঠেন। একই সঙ্গে নিরাপদ অভিবাসনের মাধ্যমে প্রতারণার ঝুঁকি কমিয়ে বৈধ উপায়ে বিদেশে কর্মসংস্থান নিশ্চিত করা সম্ভব।

এ সময় টিটিসি, মুন্সীগঞ্জে পরিচালিত বিভিন্ন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কোর্স সম্পর্কে বিস্তারিত জানানো হয়। কোর্সগুলোর মধ্যে রয়েছে কম্পিউটার অপারেশন, সুয়িং মেশিন অপারেশন, ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেইনটেন্যান্স, মেসন, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং, ড্রাইভিং উইথ অটোমেকানিক্স এবং বিদেশগামী কর্মীদের জন্য ইংরেজি, জাপানি ও আরবি ভাষা প্রশিক্ষণ।

জানানো হয়, এসব প্রশিক্ষণ সফলভাবে সম্পন্নকারীরা জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ) অনুমোদিত সনদ অর্জনের সুযোগ পান, যা দেশ-বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে বিশেষ সহায়ক।

সেমিনারে অংশগ্রহণকারী শিক্ষার্থী ও অভিবাসন প্রত্যাশীদের দক্ষতা অর্জন, বৈধ প্রক্রিয়ায় বিদেশগমন এবং সরকারি প্রশিক্ষণ ও সেবাসমূহ গ্রহণের মাধ্যমে নিজেদের কর্মজীবন সমৃদ্ধ করার আহ্বান জানানো হয়।

সম্পাদক : কাজী সাব্বির আহমেদ দীপু, প্রকাশক: নাদিম হোসাইন। ফোন : ০১৯৪৪৭৪৪৪৪০ , ই-মেইল : bikrampurpost@gmail.com কপিরাইট © বিক্রমপুর মেইল সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন