কাজী সাব্বির আহমেদ দীপু
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬ । ৭:০২ অপরাহ্ণ
নির্মাণাধীন ভবনের প্রতিটি ফ্লাটে থাকছে বেড রুম, ডাইনিং রুম, কিচেন ও বারান্দা। পর্যাপ্ত আলো বাতাসের জন্য চারদিকে থাকছে খোলা জায়গা। গ্রাউন্ড ফ্লোরে রাখা হয়েছে উম্মুক্ত জায়গা, যাতে বিভিন্ন অনুষ্ঠান করা যায়।
মুন্সীগঞ্জ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা যায়, সরকারের অর্থায়নে পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ৭ তলা ভবন নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়। সরকারের আবাসন প্রকল্পের আওতায় ১৫ কোটি ৩ লাখ ৭১ হাজার টাকা ব্যয়ে এই ভবন নির্মাণ করা হচ্ছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এই আবাসিক ভবন নির্মাণ কাজ বাস্তবায়ন করছে।
এ প্রসঙ্গে পরিচ্ছন্নতা কর্মী কার্তিক ও বিক্রম বলেন, নির্মাণ কাজ শুরুর পর থেকে পৌরসভার পরিচ্ছন্ন কর্মীরা তাদের পরিবার নিয়ে ভাড়া বাসায় বসবাস করছেন। তাই ভবন নির্মাণ কাজ সম্পন্ন হলে দীর্ঘ বছরের দুর্ভোগ কমবে। সুন্দর পরিবেশে বসবাস করতে পারবো। পরিচ্ছন্ন কর্মী বিক্রম বলেন, বিগত সময়ে এখানে ৭০টি পরিবার বসবাস করতো। আর ৭ তলা বিশিষ্ট আবাসিক ভবনে ৪৮টি ফ্ল্যাট রয়েছে। ৭০টি পরিবারের জন্য এখানে বাসস্থানের ব্যবস্থা হচ্ছে না। ২২টি পরিবার এই আধুনিক সুবিধা থেকে বঞ্চিত হবে। তাই আরও একটি বহুতল ভবন নির্মাণের ব্যবস্থা নিলে সকল পরিচ্ছন্নতা কর্মীদের পরিবার একসঙ্গে বসবাস করতে পারবে।
মুন্সীগঞ্জ সদর উপজেলা প্রকৌশলী সালেহ হাসান জানান, পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ১৫ কোটি টাকা ব্যয়ে ৭ তলা বিশিষ্ট আবাসিক ভবন নির্মাণের কাজ শতভাগ সম্পন্ন হয়েছে। আগামী জুন মাসে নির্মিত ৭তলা ভবনটি মুন্সীগঞ্জ এলজিইডি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। তারা বুঝে নিয়ে পরবর্তীতে মুন্সীগঞ্জ পৌরসভার কাছে হস্তান্তর করবে। এরপর তালিকা অনুযায়ী পরিচ্ছন্ন কর্মীদের কাছে ফ্লাট বরাদ্দ করবে পৌর কর্তৃপক্ষ।