মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার নূর বয়াতীর চর সংলগ্ন পদ্মা নদীতে মা ইলিশ সংরক্ষণে বিশেষ অভিযান চালিয়ে ২০ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। এ সময় ১৭৫ পিস ইলিশ মাছ উদ্ধার করা হয়েছে। সোমবার সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত সময়ে শ্রীনগর উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ, উপজেলা মৎস্য অফিস ও কোস্টগার্ডের সমন্বয়ে পরিচালিত অভিযানে বিপুল পরিমানের কারেন্ট জাল জব্দ করা হয়।
এছাড়া নিষিদ্ধ সময়ে মা ইলিশ ধরাকে কেন্দ্র করে পদ্মায় জেগে ওঠা নূর বয়াতীর চরে গড়ে উঠা ভাসমান হাটের অবৈধ স্থাপনা অপসারণ করা হয়েছে। পরে জব্দকৃত ইলিশ মাছ স্থানীয় পাঁচটি এতিমখানা মাদ্রাসায় বিতরণ করা হয়। জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয় এবং স্থানীয় জনসাধারণকে সতর্ক ও সচেতন করা হয়।
জেলা প্রশাসন সূত্র জানায়, শ্রীনগরের নূর বয়াতীর চরে
পরিচালিত অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো: মহিন উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার মো: আনিসুর রহমান, বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাপ্টেন তানজিমুল হাসান হাওলাদার, সহকারী কমিশনার (ভূমি)ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গোলাম রাব্বানী সোহেল, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মনোয়ারা বেগম ও অফিসার ইনচার্জ তদন্ত সহ আইন -শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া অভিযানে মুন্সীগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত পুলিশ সুপার ও জেলা মৎস্য কর্মকর্তাসহ জেলা পর্যায়ের কর্মকর্তাগণ নির্দেশনা প্রদান ও সহযোগিতা করেছেন।
অপরদিকে রোববার দিবাগত রাত ১৩টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত সময়ে মুন্সীগঞ্জ সদরের লঞ্চঘাট, মোল্লার চর, চর কিশোরগঞ্জ, বকচর, সরদার কান্দি, কালির চর, বাংলাবাজার এলাকায় মা ইলিশ সংরক্ষণ অভিযান চালিয়ে ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রেজাউল করিমের নেতৃত্বে নির্বাহি ম্যাজিস্ট্রেট ওমর ফারুক, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবুল হাশেম, কোস্ট গার্ড, নৌপুলিশ, থানা পুলিশের সমন্বয়ে গঠিত টিম এ অভিযান পরিচালনা করে। পরে অভিযানে জব্দ করা ৫০ হাজার মিটার কারেন্ট জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয় বলে জানিয়েছেন জেলা প্রশাসনের নির্বাহি ম্যাজিষ্ট্রট খালিদ সাইফুল্লাহ।
কাজী সাব্বির আহমেদ দীপু
প্রকাশের সময়: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫ । ১০:২৩ অপরাহ্ণ