মুন্সীগঞ্জে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামীর আত্মসমর্পণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২০ মে, ২০২৫ । ২:৫৪ অপরাহ্ণ

পারিবারিক কলহের জেরে মুন্সীগঞ্জের মিরকাদিমে স্ত্রী মিতু আক্তারকে (৩২) ধারালো বটি দিয়ে কুপিয়ে হত্যা করে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে স্বামী। সোমবার দিবাগত রাত ২ টার দিকে মিরকাদিম পৌরাসভার পুর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে মঙ্গলবার ভোর ৫ টার দিকে মুন্সীগঞ্জ সদর থানায় এসে আত্মসমর্পণ করে স্বামী সুমন।

নিহত মিতু আক্তার ওই পৌরসভার নৈয়দিঘীর পাথর গ্রামের মন্টু মিয়ার মেয়ে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানায় প্রায় ৮ মাস আগে মিতু আক্তারকে বিয়ে করে অভিযুক্ত সুম‌ন। নিহত মিতু আক্তারের আগে আরেকটি বিয়ে হয়েছিলো। সেখানে তিনটি সন্তান রয়েছে। সুমনেরও এটি দ্বিতীয় বিয়ে। বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক কলহ, ঝগড়াঝাটি লেগেই ছিলো। কিছুদিন আগে ঝগড়া করে মিতু তার বাবার বাড়িতে চলে গেলে গতকাল তার স্বামীর বন্ধুরা তাকে বাড়িতে ফিরিয়ে আনে। সেদিনই রাত ২ টার দিকে বন্ধুদের সাথে মদ্যপান করে বন্ধুদের সহযোগিতায় স্ত্রী মিতুকে ধারালো বটি দিয়ে শরীরের বিভিন্ন অংশে ও গলায় আঘাত করে মৃত্যু নিশ্চিত করে স্বামী সুমন। পরে ভোরে স্বেচ্ছায় থানায় গিয়ে আত্মসমর্পণ করে সে।

এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, স্ত্রীকে হত্যা করে নিজেই থানায় এসে স্ত্রীকে হত্যার কথা বিষয়টি অবগত করে আত্মসমর্পণ করে স্বামী সুমন মিয়া। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি। সুমন মিয়া (৫০) ‌মিরকা‌দিম পৌরসভার পূর্বপাড়ার শরিয়তউল্লা মিয়ার ছে‌লে বলে জানা গেছে।

সম্পাদক : কাজী সাব্বির আহমেদ দীপু, প্রকাশক: নাদিম হোসাইন। ফোন : ০১৯৪৪৭৪৪৪৪০ , ই-মেইল : bikrampurpost@gmail.com কপিরাইট © বিক্রমপুর মেইল সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন