মুন্সীগঞ্জ শহরের ট্রিপল মার্ডার মামলায় ৩ জনকে ফাঁসি ও ৫ জনকে যাবজ্জীবন কারাদন্ডাদেশ প্রদান করেছে আদালত। একই সঙ্গে ফাঁসির দন্ডপ্রাপ্তদের ১ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। এছাড়া যাবজ্জীবন দন্ডপ্রাপ্তদের ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো ১ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩ এর বিচারক মাসুদ করীম এ রায় ঘোষনা করেন। ফাঁসির দন্ডপ্রাপ্তরা হচ্ছে রাকিবুল হাসান সৌরভ ওরফে সৌরভ প্রধান, শিহাব প্রধান ও রনি বেপারী এবং যাবজ্জীবন দন্ডপ্রাপ্তরা হচ্ছে সাকিব প্রধান, শামীম প্রধান, অনিক বেপারী, জাহাঙ্গীর ওরফে ছোট জাহাঙ্গীর ও রায়হান।
মামলার বিবরনে জানা গেছে, ২০২১ সালের ২৪ মার্চ দিনগত রাত ১১ টার দিকে ইভটিজিংকে কেন্দ্র করে সালিশি বৈঠকে শহরের উত্তর ইসলামপুর এলাকায় হামলায় আওলাদ হোসেন মিন্টু প্রধান (৪৫), মো. ইমন পাঠান (২০) ও মাহবুব হোসেন সাকিব (১৯) নামে ৩ জন নিহত হন।
এ ঘটনায় নিহত মিন্টু প্রধানের স্ত্রী খারেদা আক্তার বাদী হয়ে মুন্সীগঞ্জ সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।
নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫ । ২:৪৩ অপরাহ্ণ