ককটেল বিস্ফোরণে কিশোরের দুই হাতের কব্জি ক্ষতিগ্রস্থ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪ । ৮:২৮ অপরাহ্ণ

মুন্সীগঞ্জ পৌরসভার দক্ষিণ ইসলামপুরে ময়লার মধ্যে পড়ে থাকা ককটেল বিস্ফোরণে মো. সজিব (১২) নামের এক কিশোরের দুই হাতের কব্জি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া তার শরীরের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। রোববার দুপুরে এ ঘটনা ঘটে। আহত কিশোরকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত কিশোর নারায়ণগঞ্জের পাইকপাড়া এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, রোববার দুপুর সাড়ে ১২টার দিকে বাবা রাজু শেখ ও আরেক ভাইকে নিয়ে পৌরসভার দক্ষিণ ইসলামপুর এলাকায় ময়লার ভাগাড়ে পরিত্যক্ত বোতল খুঁজছিল সজিব। এ সময় হঠাৎ ককটেল সদৃশ বস্তুর বিস্ফোরণ ঘটে। এতে গুরুতর রক্তাক্ত জখম হয় সজিব। পরে তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসে স্বজনরা।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাঃ রুহুল আমিন জানান, বোমা সদৃশ ককটেল বিস্ফোরণে আহত কিশোরের তলপেট, পা ও দুই হাতের কব্জি ক্ষতিগ্রস্ত হয়েছে।

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সজিব দে জানান, ঘটনাটি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদক : কাজী সাব্বির আহমেদ দীপু, প্রকাশক: নাদিম হোসাইন। ফোন : ০১৯৪৪৭৪৪৪৪০ , ই-মেইল : bikrampurpost@gmail.com কপিরাইট © বিক্রমপুর মেইল সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন