মুন্সীগঞ্জের গজারিয়ার সংঘর্ষে প্রতিপক্ষের গুলিতে নৌ- ডাকাত বাবলা নিহতের ঘটনার মামলায় ইউপি সদস্য ও ব্যবসায়ীদের আসামী করার প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে গ্রামবাসী ও শিক্ষার্থীরা। সোমবার সকালে কালীপুর স্কুল এন্ড কলেজ মাঠে এ প্রতিবাদ কর্মসূচী পালন করা হয়। এ সময় মেঘনা নদী থেকে বালু উত্তোলনের টাকা ভাগবাটোয়ারা নিয়ে নৌ-ডাকাত বাবলা নিহত হওয়ায় এলাকাবাসী স্বস্তি পেলেও মামলায় জড়িতদের পরিবর্তে ষড়যন্ত্রমূলক ভাবে নিরপরাধ ব্যক্তিদের আসামী করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তারা।
সোমবার সকালে স্থানীয় কালীপুর স্কুল এন্ড কলেজ মাঠে গ্রামবাসীর ব্যানারে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সজিব আহমেদের পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বশিরুল হক বাচ্চু মিয়াজী, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব সাংবাদিক লিয়াকত আলী চৌধুরী খুকু, শিক্ষক দুলাল হোসেন, মাহমুদা আক্তার, শওকত হোসেন, জুয়েল ঢালী প্রমুখ।
এ সময় বক্তারা নিহত নৌ-ডাকাত বাবলা হত্যা মামলা থেকে নিরপরাধ গজারিয়ার ইমামপুর ইউপি সদস্য ও ম্যানেজিং কমিটির সদস্য মো. জসিম উদ্দিনকে অব্যাহতি দেওয়ার দাবী জানিয়ে বিভিন্ন স্লোগানে বিক্ষোভ মিছিল করে গজারিয়ার মল্লিকের চর, গুয়াগাছিয়া, পার্শবর্তী মতলব উত্তর এলাকাবাসী ও কালীপুর স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা।
উল্লেখ্য, গত ২২ অক্টোবর সকালে গজারিয়ার ইমামপুর ইউনিয়নের মল্লিকের চরে দু’গ্রুপের সংঘর্ষে প্রতিপক্ষের গুলিতে নৌ-ডাকাত বাবলা নিহত হয়। এ ঘটনায় তার মা বাদী হয়ে ফরিদা বেগম বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরও ২০-২৫ জনকে আসামী করে গজারিয়া থানায় হত্যা মামলা রুজু করা হয়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: সোমবার, ৪ নভেম্বর, ২০২৪ । ৭:৩৪ অপরাহ্ণ