প্রশাসনের অনুমতি ছাড়াই মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার হাসাইল বাজারে সড়কের পাশে সরকারি গাছ কেটে দোকান ঘর নির্মাণ করছে প্রভাবশালী এক ব্যক্তি। হাসাইল বানারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান দেওয়ানের শেল্টারে ওই সরকারি গাছ কাটা হচ্ছে বলে অভিযোগে জানা গেছে।
উপজেলার মালিগাও গ্রামের সিরাজ মৃধা দোকান ঘর নির্মাণ করার জন্য হাসাইল বাজারের সড়কের পাশের সরকারি গাছ কাটছে। রোববার বিকেলে শ্রমিকরা দীর্ঘ বছরের পুরনো বিশাল একটি কড়ই গাছের ডাল কর্তন করছেন । গাছের নিচে নির্মানাধীন দোকান ঘরের দেয়াল নির্মাণ কাজও চলছে।
স্থানীয়রা জানান, দোকান ঘর নির্মাণের সুবিধার্থে মালিগাঁও গ্রামের সিরাজ মৃধা শ্রমিক দিয়ে ওই গাছ কর্তন করাচ্ছেন। ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান দেওয়ানও এর সঙ্গে জড়িত।
অভিযুক্ত সিরাজ মৃধা বলেন, এই গাছ কাটার জন্য ইউএনও অফিসে আবেদন দেওয়া আছে এবং ইউপি চেয়ারম্যানও বিষয়টি অবগত। এ সময় তিনি স্থানীয় সাংবাদিকদের ইউপি চেয়ারম্যানের সঙ্গে মুঠোফোনে ধরিয়ে দেন। তিনি আধা ঘণ্টা পর তার সাথে দেখা করতে বললে তাতে সাংবাদিকরা রাজি হয়নি।
এ ব্যাপারে টঙ্গিবাড়ী উপজেলা বন কর্মকর্তা হুমায়ুন কবির খান বলেন, গাছ কাটার জন্য আবেদন করেছে হাসাইল বাজার কমিটি কিন্তু গাছ কাটার জন্য তাদের অনুমতি দেওয়া হয়নি।
টঙ্গিবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আসলাম হোসাইন বলেন, তার কার্যালয়ে সরকারি গাছ কাটার জন্য কেউ আবেদন করেনি। কাউকে অনুমতি দেওয়া হয়নি। তারপরও কোন ব্যক্তি সরকারি গাছ কেটে থাকলে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।
নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: রবিবার, ৩ নভেম্বর, ২০২৪ । ১০:৫৪ অপরাহ্ণ