মুন্সীগঞ্জে শিশু আবু তকিরকে (১০) অপহরণ করে হত্যা ঘটনায় দায়ের করা মামলায় ৫ আসামীর যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। একই সাথে ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম করাদন্ড দিয়েছেন। মঙ্গলবার বিকেল সাড়ে ৩ টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক ড. মো. আলমগীর এই আদেশ দিয়েছেন। রাস্ট্র পক্ষের আইনজীবী মো. সিরাজুল ইসলাম পল্টু এ তথ্য নিশ্চিত করেছেন।
যাবজ্জীবন সাঁজাপ্রাপ্ত আসামীরা হলেন- সদর উপজেলার ফুলতলা গ্রামের সামছুল হক প্রধানের ছেলে রবিউল (২২), একই গ্রামের মৃত- হযরত আলীর ছেলে আবুল (২২), রিয়াজুল হক প্রধানের ছেলে ময়না (২৭), ইসহাকের ছেলে আনোয়ার ও দক্ষিন চরমসুরা গ্রামের মন্নান খানের ছেলে হান্নান (২৭)। আদালতে রায় ঘোষনার সময় আসামী আবুল, ময়না ও আনোয়ার উপস্থিত ছিলেন। পরে তাদের পুলিশ হেফাজতে নেওয়া হয়। অপর আসামী রবিউল ও হান্নান পলাতক রয়েছে বলে জানিয়েছেন ওই আদালতের বেঞ্চ সহকারি মো. হাছান ছারওয়াদী।
মামলা ও আদালত সুত্রে জানা গেছে, ২০১০ সালে ৩১ আগষ্ট মামলার বাদী ঝর্না বেগম ও স্বামী নাসির উদ্দিন বেপারী ছেলো আবু তকিরকে (১০) তাদের ফুলতলা গ্রামের বাড়ীতে রেখে সকালে মুন্সীগঞ্জ শহরে কেনাকাটা করতে আসেন। পরে বিকালে বাড়ীতে ফিরে ছেলে আবু তকিরকে খুঁজে না পেয়ে পরদিন সদর থানায় অজ্ঞাতনামা আসামী করে একটি অপহরণ মামলা করেন। এরপর তদন্তে নেমে প্রতিবেশী অর্নব নামের একজন শিশু তকির নিখোঁজ হওয়ার আগে প্রতিবেশী রবিউলের সাথে কথা বলতে দেখেছেন-এমন তথ্য পেয়ে পুলিশ রবিউলকে আটক করলে অপহরণের পর হত্যার ঘটনা প্রকাশ হয়ে পড়ে। এরপর আসামী ময়নার বাড়ীর গরু ঘরের গোবরের গর্ত থেকে শিশু তকিরের লাশ উদ্ধার করে পুলিশ। পরে আসামী রবিউল দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি প্রদান করলে তার জবানবন্দির আলোকে অপর আসামীদের গ্রেপ্তার করে পুলিশ। এছাড়া মামলার তদন্ত শেষে আদালতে ৫ আসামীর বিরুদ্ধে চার্জশীট দাখিল করা হয়। মামলায় ১৯ জন স্বাক্ষীর স্বাক্ষ্য প্রদানের ভিত্তিতে ৫ আসামীকে দোষী সাবস্ত করে যাবজীবন কারদন্ড প্রদান করে আদেশ দিয়েছে আদালতের বিচারক।
আদালতের রাস্ট্র পক্ষের আইনজীবী মো. সিরাজুল ইসলাম পল্টু বলেন, ১০ বছরের শিশু আবু তকির হত্যা মামলায় আসামী রবিউলসহ ৫ জন দোষী সাব্যস্ত হয়েছে আদালতে। তাই তাদের প্রত্যেককে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম করাদন্ড দিয়েছে আদালত। এ রায়ে আমরা রাস্ট্রপক্ষ সন্তুষ্ট।
নাজির হোসেন
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪ । ৬:২০ অপরাহ্ণ