ময়নাতদন্ত ছাড়াই দাফনের ৮৩ দিন পর গত ৪ আগষ্ট মুন্সীগঞ্জ শহরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শ্রমিক সজল মোল্লার (৩০) লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে। ময়নাতদন্তের জন্য সোমবার দুপুর ১ টার দিকে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাসুদ পারভেজের উপস্থিতিতে শহরের উত্তর ইসলামপুর এলাকার সামাজিক কবরস্থান থেকে তার লাশ উত্তোলন করে। পরে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
মুন্সীগঞ্জ সদর থানার ওসি খলিলুর রহমান জানান, ন্যায় বিচার ও মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আদালতের নির্দেশে
নির্বাহী ম্যাজিষ্ট্রেটের উপস্থিতিতে নিহত শ্রমিক সজলের লাশ কবর থেকে উত্তোলন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আওয়াতীফ ইবনে মতিন। পরে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
প্রসঙ্গত, গত ৪ আগষ্ট জেলা শহরের থানারপুল এলাকায় আওয়ামী লীগ ও ছাত্র আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষে সজল মোল্লা নিহত হয়। সে শহরের উত্তর ইসলামপুর এলাকার আলী আকবরের ছেলে। ওইদিন রাতেই নিহত সজলের লাশ ময়নাতদন্ত ছাড়াই স্বজনরা শহরের উত্তর ইসলামপুর সামাজিক কবরস্থানে দাফন করে।
এদিকে সজল নিহতের ঘটনার ৪৬ দিন পর গত ২০ সেপ্টেম্বর সজলের ছোট ভাই সাইফুল ইসলাম বাদী হয়ে জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন ও তার ছেলে মুন্সীগঞ্জ-৩ আসনের সাবেক এমপি মোহাম্মদ ফয়সাল বিপ্লবসহ ৪৫১ জনকে আসামী করে সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। ওই মামলার সুষ্ঠ তদন্তের স্বার্থে আদালতের নির্দেশে সোমবার নিহত শ্রমিক সজলের লাশ কবর থেকে উত্তোলন করা হয়।
নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪ । ১০:২২ অপরাহ্ণ