মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলা সংলগ্ন পদ্মা নদীতে মা ইলিশ সংরক্ষণে অভিযান চালিয়ে ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল, ৮০ কেজি ইলিশ ও একটি ট্রলার জব্দ করা হয়। এ সময় সদর উপজেলার মধ্য গোয়াল গ্রামের শামীম খান, রমজানবেগ গ্রামের মো: হাকিম আলী দেওয়ান ও চরঝাপটা গ্রামের মো: অলি উল্লাহ নামের ৩ জেলেকে আটক করা হয়। পরে আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়। এছাড়া জব্দকৃত মা ইলিশ এতিমখানায় বিতরণ করা হয় এবং অবৈধ কারেন্ট জাল হাসাইল মাছ ঘাট সংলগ্ন এলাকায় পুড়িয়ে বিনষ্ট করা হয় বলে জানা গেছে।
টঙ্গিবাড়ী উপজেলা মৎস্য কর্মকর্তা মোসাম্মত নিগার সুলতানা জানান, উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে সোমবার ভোরে এই অভিযান পরিচালনা করেন টঙ্গিবাড়ী উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারজানা ববি মিতু। অভিযানে এ সময় তিনিসহ ক্ষেত্র সহকারী মিজানুর রহমান, হাসাইল বানারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান দেওয়ান, ইউপি সদস্য বাবু হাওলাদার প্রমুখ উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪ । ১০:১৬ অপরাহ্ণ