মালয়েশিয়ায় আগুনে পুড়ে নিহত মুন্সীগঞ্জের ৩ রেমিট্যান্স যোদ্ধার জানাজা ও দাফন সম্পন্ন রোববার সকাল ৮টার দিকে মুন্সীগঞ্জ পৌরসভার রমজানবেগ এলাকায় বাড়ির পাশের উঠানে ৩ রেমিটেন্স যোদ্ধার জানাজায় মানুষের ঢল নামে। পরে রমজানবেগ দক্ষিণ পাড়া সামাজিক কবরস্থানে দাফন করা হয় তাদের।
মালয়েশিয়ায় রাসায়নিক কারখানায় বিস্ফোরণে দগ্ধ হয়ে একে একে মারা গেছেন ৩ প্রবাসী। ৩ জনই মুন্সীগঞ্জ শহরের রমজানবেগ এলাকার বাসিন্দা। স্বজনের এমন করুণ মৃত্যুতে শোকের মাতম বইছে পরিবারগুলোতে।
গেল শুক্রবার মালয়েশিয়ার জোহর রাজ্যের ইস্কান্দার পুতেরের গেলাং পাতার এসআইএলসি শিল্প এলাকায় একাধিক রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণে গুরুতর দগ্ধ হন ওই ৩ জন।
শুক্রবারই প্রাণ যায় রমজানবেগ গ্রামের রাজ্জাক ভূঁইয়ার ছেলে জব্বার আলীর (৪২)। পরদিন চিকিৎসাধীন অবস্থায় মারা যান আবুল কাশেমের ছেলে আবু তাহের (৩২) ও মারা যান মহিউদ্দিনের ছেলে সালাম (২৪)।
৩ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুর খবরে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। নিহতের পরিবারের আর্থিক ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দায়িত্ব নিতে সরকারের প্রতি আহবান জানিয়েছেন স্থানীয়রা।
নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: রবিবার, ২০ অক্টোবর, ২০২৪ । ১:২৯ অপরাহ্ণ