আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মুন্সীগঞ্জের গজারিয়ায় ফয়সাল (৩৫) নামে সৌদি ফেরত প্রবাসীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেছে সন্ত্রাসীরা।
সোমবার রাত সাড়ে ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আনারপুরা বাস স্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
আহত ফয়সাল উপজেলার ভবেরচর ইউনিয়নের আনারপুরা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
বর্তমানে ওই প্রবাসী হামদর্দ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
আহত ফয়সাল বলেন, ভগ্নিপতি শাহ আলম আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত থাকার অপরাধে তাঁর উপর হামলা করা হয়। সোমবার এশার নামাজের পর আনারপুরা বাস স্ট্যান্ডে আমার বন্ধুর দোকানে বসে ছিলাম, এ সময় স্থানীয় চিহ্নিত সন্ত্রাসী রাজিব এসে জানতে চায়, আমি এখানে কেন এসেছি। আমি কথা বলতে বলতে হঠাৎ ইউনিয়ন বি.এন.পি’র সাধারণ সম্পাদক শফি উল্লাহ শিকদারের ছেলে শাওন ধারালো দাঁ দিয়ে এলোপাথারি কোপাতে থাকে, এ সময় রাজিব ও রনক লোহার রড দিয়ে পিটাতে থাকে। তারপর আমি অচেতন হয়ে যাই।
আহতের ভাই ওবায়েদুল্লাহ বলেন, আমরা খবর পেয়ে ছুটে এসে ছোট ভাইকে উদ্ধার করি। বর্তমানে ও হামদর্দ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এবিষয়ে জানতে অভিযুক্ত শাওন কে একাধিক ফোন দিয়েও তাকে পাওয়া যায়নি।
এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনার স্থলে পুলিশ পাঠিয়েছে। এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি।
গজারিয়া প্রতিনিধি
প্রকাশের সময়: সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪ । ১১:২০ অপরাহ্ণ