মুন্সীগঞ্জে প্রবাসীর মার্কেটের ১৫টি দোকানে তালা ঝুলিয়ে দিয়েছে সন্ত্রাসীরা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪ । ৮:৪৪ অপরাহ্ণ

মুন্সীগঞ্জের সিরাজদীখানের কাকালদী এলাকায় পূর্ব বিরোধের জের ধরে ইতালি প্রবাসীর নির্মাণাধীন মার্কেটে তালা ঝুলিয়ে দিয়েছে প্রতিপক্ষের ভাড়াটে সন্ত্রাসীরা। গত ১০ অক্টোবর বিকেলে মার্কেটের ১৫ টি দোকানে তালা ঝুলিয়ে দেওয়ায় ৩ দিন ধরে মার্কেটটি তালাবদ্ধ অবস্থায় রয়েছে। অন্যদিকে এ ঘটনার পর থেকে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। যে কোনো সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের আশঙ্কা করছে গ্রামবাসী।

দুই পক্ষের স্বজনরা জানান, ইতালি প্রবাসী শ্যালক মোঃ রুবেল উদ্দিনের পৈত্রিক সম্পত্তি নিয়ে তার বোন জামাতা মোঃ জাহাঙ্গীর আলমের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। সেই বিরোধকে কেন্দ্র করে কয়েক দফা বিবাদে লিপ্ত হয় উভয় পক্ষ। বিষয়টি মোঃ জাহাঙ্গীর আলমকে জানালেও তিনি সমাধানের চেষ্টা না করে উল্টো গত বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিকেলে ভাড়াটে সন্ত্রাসী দিয়ে
প্রবাসী রুবেল উদ্দিনের নির্মাণাধীন মার্কেটের ১৫টি দোকানে তালা ঝুলিয়ে দেয়। এরপর থেকে মার্কেটটি তালাবদ্ধ রয়েছে।

স্থানীয়রা জানিয়েছে, সৃষ্ট ঘটনা নিয়ে বর্তমানে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। যে কোনো সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

প্রবাসী রুবেল উদ্দিন বলেন, বোন জামাতা জাল দলিল করে শশুরবাড়ীর শ্যালক ও শ্যালিকাদের জমি দখলে নেওয়ার পায়তারা অংশ হিসাবে মার্কেটের ১৫টি দোকানে তালা ঝুলিয়ে দিয়েছে।

মার্কেটে তালা দেওয়ার অভিযোগ অস্বীকার করে মোঃ জাহাঙ্গীর আলম নির্মিত মার্কেটের জমি নিজের দাবি করেন। তিনি বলেন, শ্যালক রুবেলের লোকজনই মার্কেটে
তালা দিয়ে আমাকে দোষারোপ করে মানুষকে বিভ্রান্ত করছে ।

সিরাজদীখান থানার ওসি খন্দকার হাফিজুর রহমান জানান, দুই পক্ষে উত্তেজনার বিষয়টি পুলিশ অবগত। এ নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি না করে তাদেরকে সামাজিক ভাবে সমাধানের ব্যবস্থা নিতে বলা হয়েছে।

উল্লেখ্য বোনজামাতা মোঃ জাহাঙ্গীর আলম সিরাজদীখান উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের কাকালদী গ্রামের মোঃ খবির উদ্দিনের তৃতীয় স্ত্রীর মেয়ে হামিদা খাতুনের স্বামী এবং রুবেল উদ্দিন খবির উদ্দিনের দ্বিতীয় স্ত্রীর ছেলে।

সম্পাদক : কাজী সাব্বির আহমেদ দীপু, প্রকাশক: নাদিম হোসাইন। ফোন : ০১৯৪৪৭৪৪৪৪০ , ই-মেইল : bikrampurpost@gmail.com কপিরাইট © বিক্রমপুর মেইল সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন