মালয়েশিয়ায় একটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণে দগ্ধ ৩ প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। নিহত ৩ প্রবাসীর বাড়ী মুন্সীগঞ্জ সদর উপজেলার রমজানবেগ গ্রামে। নিহতরা হলেন- মুন্সীগঞ্জ সদর উপজেলার রমজানবেগ গ্রামের রাজ্জাক ভূঁইয়ার ছেলে জব্বার আলী, আবুল কাশেমের ছেলে আবু তাহের এবং মহিউদ্দিনের ছেলে আব্দুস সালাম।
গত ১০ অক্টোবর বেলা সাড়ে ১১টার দিকে মালয়েশিয়ার জোহর রাজ্যের ইস্কান্দার পুতেরের গেলাং পাতার এসআইএলসি শিল্প এলাকায় একাধিক রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ সময় বিস্ফোরণে কারখানার ভেতরে থাকা তিন বাংলাদেশী শ্রমিকের শরীরে ৩০ শতাংশ দগ্ধ হয়। ঘটনাস্থলে দমকলকর্মীরা পৌঁছানোর আগেই কারখানা কর্তৃপক্ষ তাদেরকে হাসপাতালে নিয়ে ভর্তি করে।
নিহতের স্বজনরা জানায়, চিকিৎসাধীন অবস্থায় দ্বগ্ধ হওয়াদের মধ্যে ১১ অক্টোবর সন্ধ্যা ৭টার দিকে মারা যায় জব্বার আলী। পরদিন ১২ অক্টোবর ভোররাত ৩টার দিকে মারা যায় আবু তাহের এবং ১৩ অক্টোবর বিকেল ৫টার দিকে মারা যায় আব্দুস সালাম। বর্তমানে তাদের মরদেহ সেখানকার হাসপাতারের মর্গে রয়েছে। মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব (শ্রম) এএসএম জাহিদুর রহমান দ্রুত ৩ প্রবাসীর মরদেহগুলো দেশে প্রেরণের আশ্বাস দিয়েছেন বলে স্বজনরা জানিয়েছে। তিনি স্বজনদের আরও জানিয়েছেন, নিহতদের কোম্পানির সঙ্গে যোগাযোগ করা হয়েছে। নিহত ও আহতের ক্ষতিপূরণ আদায়ে হাইকমিশনের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে।
জানা গেছে, মুন্সীগঞ্জ সদর উপজেলার রমজানবেগ গ্রামের জব্বার, আবু তাহের ও সালাম গত ৮ বছর আগে জীবিকার তাগিদে বৈধভাবে মালয়েশিয়া যান। তাদের মর্মান্তিক এই মৃত্যুর খবর পেয়ে পরিবারসহ এলাকায় শোকের ছায়া বিরাজ করছে। নিহতদের স্বজনদের মধ্যে আপনজন হারানোর কান্না চলছে। এই অবস্থায় মরদেহ ৩টি দ্রুত দেশে পাঠানোর জন্য সরকারি উদ্যোগের দাবি জানিয়েছেন পরিবারের স্বজনরা।
নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪ । ৮:৩০ অপরাহ্ণ