ভারতে বিশ্বনবী (সা.) কে অবমাননার প্রতিবাদে মুন্সীগঞ্জের গজারিয়ায় সমাবেশ, কুশপুত্তলিকা দাহ ও বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থী ও তৌহিদী জনতা।
সোমবার সকাল ১১টায় উপজেলা প্রশাসন চত্তরে গজারিয়া সর্বস্তরের তৌহিদী জনতার আয়োজনে সংক্ষিপ্ত সমাবেশ হয়। পরে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এর আগে রামগীরী মহারাজের কূশপুত্তলিকা দাহ করা হয়।
সংক্ষিপ্ত সমাবেশ গজারিয়া বাতেনিয়া আলীম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুক্তার হোসেন মিয়াজি এর সভাপতিত্বে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য আল্লামা মুফতী নূর হোসাইন নূরানী।
বিশেষ বক্তা হিসাবে বক্তব্য রাখেন আনারপুরা রওজাতুল উলুম মাদ্রাসার মুহতামিম শাইখুল হাদীস মাওলানা হাসান ফারুক, মুসলিম ঐক্য পরিষদ গজারিয়া শাখার মহাসচিব হযরত মাওলানা আব্দুল হক হাফি প্রমুখ।
সভায় বক্তারা বলেন, রাসূলের মান ইজ্জত রক্ষায় আমরা সচেষ্ট থাকবো ইনশাআল্লাহ। যারা আল্লাহর রাসুল (সা.) কে নিয়ে কটুক্তি করেছে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা নিতে হবে। শুধু ভারত নয় বিশ্বের যে কোন দেশে রাসূলকে নিয়ে কটুক্তি করলে তা মেনে নেয়া হবে না বলে জানান বক্তারা। ভারতের এই এহেন কর্মকাণ্ডের জন্য ভারতীয় দূতাবাসে।জিজ্ঞাসাবাদ করার জন্য বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টামণ্ডলীর প্রতিও আহ্বান জানান। এসময় নবী প্রেমী হাজার হাজার তৌহিদী জনতা উপস্থিত ছিলেন।
জুয়েল দেওয়ান, গজারিয়া
প্রকাশের সময়: সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪ । ২:৫২ অপরাহ্ণ