বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুর্নাম কেউ খুঁজে বের করতে পারেনি। স্বাধীনতা বিরোধী চক্র বিশ্বব্যাংকের মাধ্যমে পদ্মা সেতুতে দুর্নীতির অভিযোগ তুললেও কানাডার আদালতে তা মিথ্যা প্রমানিত হওয়ায় উল্টো বিশ্বব্যাংক বিশ্বের দরবারে লজ্জিত হয়েছে। শনিবার দুপুরে মুন্সীগঞ্জ শিল্পকলা একাডেমী মিলনায়তনে পৌর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে উদ্বোধকের বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন ধর্ম মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফয়সাল বিপ্লব।
তিনি আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালে জাতীয় সংসদের প্রথম বাজেট ঘোষনা করেছিলেন ৭৮৬ কোটি টাকা। আল্লাহর নাম দিয়েই বঙ্গবন্ধু বাজেট ঘোষনা করেছিলেন। আর ৫০ বছর পর তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার জাতীয় সংসদে বাজেট ঘোষনা করেছেন ৮ লাখ কোটি টাকার। ৫০ বছরের ব্যবধানে এক হাজারগুন বৃদ্ধি করে বাজেট ঘোষনার নজির পৃথিবীর অন্য কোন দেশের নেই।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মহিউদ্দিন। তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে বড় বড় নেতা থাকলেও তাদের কেউই দেশ প্রতিষ্ঠা করতে পারেনি। একমাত্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই লাল সবুজের পতাকার বাংলাদেশ প্রতিষ্ঠা করে বিশ্বের দরবারে নিজেকে আলোকিত করেছেন।
পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল মতিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আনিছুজ্জামান আনিছ, সাধারণ সম্পাদক শেখ মো. লুৎফর রহমান, যুগ্ন সম্পাদক সোহানা তাহমিনা, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আফসারউদ্দিন ভুইয়া, সাধারণ সম্পাদক সামছুল কবিরসহ প্রমুখ নেতৃবৃন্দ।
এর আগে সকালে শিল্পকলা একাডেমী মিলনায়তনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুন্সীগঞ্জ-৩ আসনের এমপি মোহাম্মদ ফয়সাল বিপ্লবসহ নেতৃবৃন্দ। এরপর শুরু হয় সম্মেলনের প্রথম অধিবেশন। বিকেলে দ্বিতীয় অধিবেশনে সর্বসম্মতিতে পৌর আওয়ামী লীগের বর্তমান সভাপতি আব্দুল মতিন ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান ভুইয়াকে আবারও সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত ঘোষনা করেন জেলা আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন।
কাজী সাব্বির আহমেদ দীপু
প্রকাশের সময়: শনিবার, ১৩ জুলাই, ২০২৪ । ১১:৪৩ অপরাহ্ণ