টঙ্গীবাড়িতে শিক্ষার্থীকে গাছের সঙ্গে বেঁধে মারধর, বৃদ্ধ গ্রেপ্তার

মো. নাজির হোসেন
প্রকাশের সময়: বুধবার, ৩ জুলাই, ২০২৪ । ৬:২১ অপরাহ্ণ
আখ চুরির অপবাদে মুন্সীগঞ্জে টঙ্গীবাড়িতে গাছের সঙ্গে বেঁধে এক শিশু শিক্ষার্থীকে মারধর করার ঘটনায় থানায় মামলা রুজু করা হয়েছে। এ ঘটনায় আব্দুল করিম মাদবর (৬০) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।  বুধবার  সকালে শিক্ষার্থী মো. সিয়ামের (১২) চাচা বাদী হয়ে টঙ্গীবাড়ি থানায় মামলা দায়ের করেন। পরে দুপুর পোনে ২ টার দিকে পুলিশ মামলার আসামী ওই বৃদ্ধকে গ্রেপ্তার করে।
এরআগে গত সোমবার  বিকেলে জেলার টঙ্গীবাড়ি উপজেলার পূর্ব নিতিরা গ্রামে নিতিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেনীর ছাত্র সিয়ামকে গাছের সঙ্গে দড়ি দ্বারা হাত বেঁধে মারধর করে ওই গ্রামের আব্দুল করিম মাদবর। ছাত্র সিয়াম একই উপজেলার সোনারং গ্রামের টুকু সরদারের ছেলে। বৃদ্ধ আব্দুল করিম পূর্ব নিতিরা গ্রামের মৃত শামছু মাদরবরের ছেলে।
পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, মা-বাবার মধ্যে বিয়ে বিচ্ছেদ হওয়ায় ছাত্র সিয়াম নিতিরা গ্রামের নানা মন্নান শেখের বাড়িতে বসবাস করে আসছিলো। সম্প্রতি ওই গ্রামের আব্দুল করিম মাদবরের জমি থেকে আখ চুরি হয়। ওই চুরির অপবাদ দিয়ে ছাত্র সিয়ামকে ধরে নিয়ে গাছের সঙ্গে হাত বেঁধে লাঠি দ্বারা মারধর করা হয়। আরও জানা যায়, এ ঘটনায় বুধবার সকালে ছাত্রের চাচা ডা. মো. আলমগীর সরদার বাদী হয়ে আব্দুল করিমকে একমাত্র আসামী করে টঙ্গীবাড়ি থানায় অভিযোগ দায়ের করেন। পরে মামলা রুজু করে দুপুরে অভিযান চালিয়ে নিতিরা গ্রাম থেকে আসামীকে গ্রেপ্তার করে পুলিশ।
ছাত্রের চাচা ডা. মো. আলমগীর সরদার বলেন, সিয়াম আখ চুরির সঙ্গে জড়িত নয়। তারপরও তাকে চুরির অপবাদ দিয়ে নির্যাতন করা হয়েছে। আর সেই নির্যাতনের ভিডিও সবাই দেখেছে। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। তাই থানায় মামলা দায়ের করেছি। এ বিষয়ে টঙ্গীবাড়ি থানার (ওসি) মোল্লা সোহেব আলী বলেন, শিক্ষার্থীকে বেঁধে মারধরের ঘটনা মামলা হয়েছে। আসামিকে আটক গ্রেপ্তার করা হয়েছে।
সম্পাদক : কাজী সাব্বির আহমেদ দীপু, প্রকাশক: নাদিম হোসাইন। ফোন : ০১৯৪৪৭৪৪৪৪০ , ই-মেইল : bikrampurpost@gmail.com কপিরাইট © বিক্রমপুর মেইল সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন