দ্বিতীয় ধাপে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি ও লৌহজং উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। এই দু’ইটি উপজেলায় চেয়ারম্যান পদে ৯ জন সহ ২৩ প্রার্থী প্রতিদ্বন্দীতা করছেন।
দু’টি উপজেলায় সর্বমোট ১৪৫ টি ভোটকেন্দ্রে সকাল ৮টা থেকে ব্যালট পেপার পদ্ধতিতে ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকাল ৪ টা পর্যন্ত। তবে এখনো কোন সমস্যা হয়নি। এদিকে ভোটার উপস্থিতি খুবই কম লক্ষ্য করা গেছে।
এদিকে, দুটি উপজেলায় ৬৭টি ঝূঁকিপূর্ণ কেন্দ্র থাকায় বিশেষ নজরদারি রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর। প্রতিটি কেন্দ্রে নির্বাচনী দায়িত্ব পালন করছেন ৩-৪ জন পুলিশ সদস্য, অস্ত্রসহ ১ জন আনসার সদস্য ছাড়াও ৪ জন মহিলা আনসার, আরও ৭ জন আনসার সদস্য এবং গ্রাম পুলিশের ১-২ জন সদস্যসহ সর্বমোট ১৬-১৭ জন।
পাশাপাশি দুইটি উপজেলা জুড়ে ৩ জন অতিরিক্ত পুলিশ সুপার ও একজন করে সহকারী পুলিশ সুপারের অধীনে ৪টি সেক্টরে বিভক্ত হয়ে দায়িত্ব পালন করছে পুলিশ। এছাড়া মাঠে টহলে রয়েছে বিজিবি ও পুলিশের একাধিক স্ট্রাইকিং ফোর্স।
নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আশরাফুল আলম এসব তথ্য নিশ্চিত করেছেন।
নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানায়, টংগিবাড়ী উপজেলার ১৩টি ইউনিয়নের ১ লাখ ৯০ হাজার ২০১ জন ভোটারের জন্য ৮৪ টি ভোটকেন্দ্রের ৫০২ টি ভোটকক্ষ প্রস্তুত করা হয়েছে। এখানে পুরুষ ভোটার ৯৯ হাজার ৩২২ জন ও মহিলা ৯০ হাজার ৮৭৯ জন। এর মধ্যে ২০ টি ঝূঁকিপূর্ণ ও ৬৪ টি সাধারণ কেন্দ্র।
টঙ্গীবাড়িতে প্রতিদ্বন্দী প্রার্থী রয়েছেন ১৩ জন। চেয়ারম্যান প্রার্থী ৬ জন, ভাইস চেয়ারম্যান ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান ৪ জন।
লৌহজং উপজেলার ১০টি ইউনিয়নে কেন্দ্র ৬১টি, ভোট কক্ষ ৪৪৩। এর মধ্যে ঝূঁকিপূর্ণ ৪৭ ও বাকি ১৪ টি সাধারণ ভোটকেন্দ্র। এই উপজেলায় মোট ভোটারের সংখ্যা ১ লাখ ৬৬ হাজার ৭৯৮। যার মধ্যে পুরুষ ৮৬ হাজার ৬৬ ও মহিলা ৮০ হাজার ৭৩২।
লৌহজংয়ে প্রতিদ্বন্দী প্রার্থী রয়েছেন ১০ জন। চেয়ারম্যান প্রার্থী ৩ জন, ভাইস চেয়ারম্যান ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান ৪ জন।
মো. নাজির হোসেন
প্রকাশের সময়: মঙ্গলবার, ২১ মে, ২০২৪ । ৯:৫২ পূর্বাহ্ণ