মুন্সীগঞ্জে স্বামীর লাঠির আঘাতে প্রাণ গেলো স্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: বুধবার, ১৫ মে, ২০২৪ । ১২:২৩ অপরাহ্ণ

মুন্সীগঞ্জে বিয়ের দুই মাস পর স্বামীর লাঠির আঘাতে প্রাণ গেলো স্ত্রীর। বুধবার সকাল ৯ টার দিকে মুন্সীগঞ্জ পৌরসভার খাসকান্দি এলাকায়  বসতঘর থেকে রক্তাক্ত জখম অবস্থায় ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতের নাম জিয়াসমিন আক্তার (২৫)। সে ওই এলাকার মোহাম্মদ শাহজালালের স্ত্রী।

স্থানীয়রা জানায়, হত্যাকারী শাহজালাল প্রায় দুই মাস আগে ওই নারীকে হঠাৎ  বাড়িতে নিয়ে এসে স্ত্রী হিসেবে পরিচয় করিয়ে দেয়। নিহত ওই নারী হিন্দু ধর্মালম্বী ছিলেন। পরে তিনি মুসলিম ধর্ম গ্রহণ করেন বলেও জানায় স্থানীয়রা। নিহত জিয়াসমিনের বাড়ি কিশোরগঞ্জের ভৈরবে বলে জানা গেছে।

এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খায়রুল হাসান জানান, স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে পুলিশ নিহত নারীর  মরদেহ স্বামীর বসত ঘর থেকে উদ্ধার করে। প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে স্বামী শাহজালালই তাকে লাঠি দিয়ে আঘাত করে   মঙ্গলবার দিবাগত রাতের যে কোন সময় কুপিয়ে হত্যা করেছে।

তিনি আরও জানান, স্ত্রী হত্যাকারী শাহজালাল এলাকার চিহ্নিত চোর ও ফৌজদারি মামলার আসামি। কিছুদিন আগে একটি ফৌজদারি মামলায় ৬ মাস সাজা ভোগ করেছে সে।

এদিকে, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে  পাঠানোর পক্রিয়া চলছে। স্ত্রীর হত্যাকারী স্বামী শাহজালালকে গ্রেপ্তারে মাঠে কাজ করছে পুলিশ বলেও জানান তিনি।

 

 

সম্পাদক : কাজী সাব্বির আহমেদ দীপু, প্রকাশক: নাদিম হোসাইন। ফোন : ০১৯৪৪৭৪৪৪৪০ , ই-মেইল : bikrampurpost@gmail.com কপিরাইট © বিক্রমপুর মেইল সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন