মুন্সীগঞ্জের সদর উপজেলার রিকাবীবাজারের মৎস আড়ৎ থেকে তল্লাসী চালিয়ে ১৫ মন জাটকা ও সাড়ে তিন মন পাঙ্গাসের পোনা জব্দ করা হয়েছে। এ সময় জাটকা বিক্রির অভিযোগে দুইজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার চরভাটা গ্রামের আব্দুল মতিনের ছেলে মোহাম্মদ মাসুম ও আব্দুল মনামের ছেলে মোহাম্মদ আলী।
সিনিয়ন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শামসুর রহমান ও মুক্তারপুর নৌ পুলিশ ফাড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক সাজ্জাদ করিমের নেতৃত্বে শনিবার সকাল ৬টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত বিভিন্ন মাছের দোকানে যৌথভাবে এ অভিযান পরিচালিত হয়।
এ সময় পুলিশের উপস্থিতি দেখে পালিয়ে যায় জাটকা ব্যবসায়ীরা। মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ (৫ এর ১) আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
জব্দকৃত জাটকাগুলো মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ি থেকে বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানা বিতরণ করা হবে বলে জানিয়েছেন অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা।
মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক
মাজহারুল ইসলাম অভিযান প্রসঙ্গে জানান, রিকাবীবাজারের মৎস আড়তে অন্যান্য মাছের আড়ালে লুকিয়ে জাটকা বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান পরিচালনা করি। দুইজন আসামিকে আটক করি। জাটকা সংরক্ষণে নিয়মিত আমাদের অভিযান পরিচালিত হবে।
প্রতি বছরের পহেলা নভেম্বর থেকে ত্রিশ জুন পর্যন্ত মোট ৮মাস ১০ ইঞ্চির চেয়ে ছোট ইলিশ ক্রয় বিক্রয় মজুদ এবং ধরা সম্পূর্ণ নিষিদ্ধ।
নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪ । ১:৪১ অপরাহ্ণ