শ্রীনগরে সড়ক দূর্ঘটনায় ছাত্রলীগ নেতাসহ ১৩জন নিহত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ৮ জানুয়ারি, ২০২৪ । ১০:২০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-মাওয়া মহাসড়কের শ্রীনগরে সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ নেতা সহ ১৩জন নিহত হয়েছেন।রবিবার রাতে উপজেলার ছনবাড়ী চৌরাস্তায় এ দূর্ঘটনা ঘটে।নিহতদের মধ্যে শ্রীনগর উপজেলা শাখা ছাত্রলীগের সভাপতি জাকিরুল হক কুসুম রয়েছেন।দুর্ঘটনায় অন্তত ৪০ জন আহত হয়েছেন।

মটরসাইকেল আরোহী শ্রীনগর থানা ছাত্রলীগ সভাপতি জাকিরুল হক কুসুম (২৭) এবং তার সহকর্মী রিপন (২৫) ঘটনাস্থইে মারা যান বলে জানিয়েছেন শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন।নিহতদের মধ্যে আরও আছেন- বাসযাত্রী মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার দক্ষিণ মেদেনীমন্ডল গ্রামের ইব্রাহিম (৩২), মাদারীপুরের শিবচরের কুতুবপুর গ্রামের আনিস (৩০) বরিশালের উজিরপুরের ক্রিস্টিনা এ্যান বাড়ৈ (১৫), পটুয়াখালীর বাউফলের অর্ণব পান্ডে (২), সত্যরঞ্জন দেবনাথ (৭০), রফিক (৩৫) মাদারীপুরের কালকিনী উপজেলার আইসা গ্রামের রিপন (৩৫), বরগুনার বেতাগির জাহাঙ্গীর (৩৫), আব্দুর রাজ্জাক (৪৫), রাতুল(৩) ও অজ্ঞাত পরিচয়ের যুবক।

আহতদের মধ্যে আটজনকে ঢাকা, ১১ জনকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ২০ জনকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

ওসি শাখাওয়াত হোসেন জানান, জাকিরুল হক কুসুম মটরসাইকেলে করে ষোলঘর গ্রাম থেকে সহকর্মী রিপনকে নিয়ে বেজঁগাঁ এলাকায় তার বাড়ি ফিরছিলেন। পথে ছনবাড়ি এলাকায় চট্টগ্রাম থেকে বরগুনাগামী সৌদিয়া পরিবহনের নৈশকোচ পেছন দিক থেকে মোটরসাইকেলটিকে চাপা দিয়ে পানি ভর্তি খাদে পড়ে যায়।

তিনি জানান, রাতেই বাসটি থেকে ১২টি লাশ উদ্ধার করা হয়।পরে আরও একটি লাশ পাওয়া যায়।লাশ ষোলঘর স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।

ওসি জানান, ভোর পাঁচটার দিকে বাসটি পানি থেকে তোলা হয়।বাসটিতে ৫৩ জন যাত্রী ছিলেন।অনেক যাত্রী ঘুমিয়ে পড়ার কারণে দূর্ঘটনায় মৃতের সংখ্যা বেশি হয়েছে বলে মনে করেন তিনি।

মুন্সীগঞ্জ -১ আসনের সাংসদ সুকুমার রঞ্জন ঘোষ, উপজেলা চেয়ারম্যান বেলায়েত হোসেন ঢালী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল লতিফ মোল্লা সোমবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ছাত্রলীগ সভাপতি জাকিরুল হক কুসুমের মৃত্যুতে শ্রীনগর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সংসদ সদস্য সুকুমার রঞ্জন ঘোষ, সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. জামাল হোসেন, শহর আওয়ামী লীগের সভাপতি আব্দুল মতিন, জেলা ছাত্রলীগ সভাপতি গোলাম মাওলা তপন শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

সম্পাদক : কাজী সাব্বির আহমেদ দীপু, প্রকাশক: নাদিম হোসাইন। ফোন : ০১৯৪৪৭৪৪৪৪০ , ই-মেইল : bikrampurpost@gmail.com কপিরাইট © বিক্রমপুর মেইল সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন