টঙ্গীবাড়িতে কিলঘুসি লাথিতে প্রান গেলো ফার্নিচার ব্যবসায়ীর

টঙ্গীবাড়ি প্রতিনিধি
প্রকাশের সময়: শনিবার, ১৬ মার্চ, ২০২৪ । ৭:৪৮ অপরাহ্ণ
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে প্রতিপক্ষের কিলঘুষি ও লাথিতে প্রান হারিয়েছেন এক ফার্নিচার ব্যবসায়ী। তার নাম মোস্তফা খালাসি (৪২)। শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে জেলার টঙ্গীবাড়ি উপজেলার বাঘিয়া বাজারে এ ঘটনা ঘটে। নিহত ব্যবসায়ীর মোস্তফা একই উপজেলার যশলং ইউনিয়নের হাটকান গ্রামের সফিজউদ্দিন খালাসির ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে বাঘিয়া বাজারের ফার্নিচার ব্যবসায়ী মোস্তফার দোকানে আসেন রাজন নামে এক যুবক। জেলা সদরের মোল্লাকান্দি ইউনিয়নের ঢালীকান্দি গ্রামে বাড়ি ওই যুবকের। ফার্নিচারের নকশা নিয়ে ওই যুবকের সঙ্গে কথা হয় ব্যবসায়ীর। কথার এক পর্যায়ে ব্যবসায়ী ও যুবকের মধ্যে বাক-বিতন্ডা বাঁধে। এসময় ক্ষিপ্ত হয়ে ব্যবসায়ী মোস্তফাকে কিলঘুসি ও লাথি মারতে থাকে যুবক রাজন। এতে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন ব্যবসায়ী। এরপর যুবক রাজন ব্যবসায়ীকে ফেলে রেখে পালিয়ে যায়। বাজারের পাশ্ববর্তী দোকানীরা ছুটে আসলে ব্যবসায়ী মোস্তফাকে মাটিতে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন।
টঙ্গীবাড়ি থানার ওসি মোল্লা সোয়েব আলী জানান, খবর পেয়ে পুলিশ বাঘিয়া বাজারে ছুটে যায়। ঘটনাস্থল থেকে ব্যবসায়ী মোস্তফা খালাসির লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতলের মর্গে পাঠানো হয়েছে। যুবক রাজনকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।
সম্পাদক : কাজী সাব্বির আহমেদ দীপু, প্রকাশক: নাদিম হোসাইন। ফোন : ০১৯৪৪৭৪৪৪৪০ , ই-মেইল : bikrampurpost@gmail.com কপিরাইট © বিক্রমপুর মেইল সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন