গজারিয়ায় গ্যাসের দাবীতে মহাসড়ক অবরোধ

জুয়েল দেওয়ান, গজারিয়া
প্রকাশের সময়: মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪ । ৪:১৮ অপরাহ্ণ
মুন্সীগঞ্জের গজারিয়ায় গ্যাস সরবরাহের দাবীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধসহ বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। মঙ্গলবার দুপুর ১২টা থেকে বিকাল ৩টা পর্যন্ত মহাসড়কে দড়ি বাউশিয়া বাস স্ট্যান্ড এলাকায় বাউশিয়া ইউনিয়নবাসী এ বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে। এ সময় শত শত নারী পুরুষ  গ্যাসের দাবিতে নানা স্লোগান দেয়।
এদিকে সড়ক অবরোধের ফলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়ার অংশে দড়ি বাউশিয়া  এলাকায় উভয় মুখী সড়কের তীব্র
যানজট সৃষ্টি হয়। পরে গজারিয়া  থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে বিক্ষোভ কারীদের রাস্তা থেকে সরিয়ে দেয়।
এদিকে গ্যাসের দাবীতে আগামী ২৪ ঘণ্টা আল্টিমেটাম দেয় এলাকাবাসী। তারা বলেন, গত ২৫ ফেব্রুয়ারি কোন রকম পূর্ব ঘোষণা ছাড়া গ্যাস সরবরাহ বন্ধ করে দেয় তিতাস গ্যাস কর্তৃপক্ষ। অনতিবিলম্বে গ্যাস সরবরাহ স্বাভাবিক না হলে বৃহত্তর আন্দোলনের ডাক দেয়ার ঘোষণা দেয় তারা।
খবর পেয়ে আন্দোলনকারীদের শান্ত করতে ঘটনাস্থলে ছুটে আসেন গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনুর আক্তার, মুন্সীগঞ্জ সদর-গজারিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খায়রুল হাসান, জেলা প্রশাসনে নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল আল ফারুক-সহ প্রশাসনের কর্মকর্তারা।
এবিষয়ে ঘটনাস্থলে যাওয়া মুন্সীগঞ্জ সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খায়রুল হাসান জানান, গ্যাসের দাবীতে এলাকাবাসী মহাসড়কে বিক্ষোভ করে। পরে তাদের গ্যাস সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দিলে পরিস্থিত শান্ত হয়। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

সম্পাদক : কাজী সাব্বির আহমেদ দীপু, প্রকাশক: নাদিম হোসাইন। ফোন : ০১৯৪৪৭৪৪৪৪০ , ই-মেইল : bikrampurpost@gmail.com কপিরাইট © বিক্রমপুর মেইল সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন